রূপকথার জগতে এমন কিছু চরিত্র রয়েছে, যাদের অভিযান, সাহসিকতা আর জাদুর গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। কখনো জাদুর প্রদীপ, কখনো অজানা দ্বীপে দুঃসাহসিক অভিযান, আবার কখনো রহস্যময় গুপ্তধনের সন্ধান- এসব গল্পের আবেদন আজও ফুরায়নি। এবার সেই চেনা জগতের কয়েকটি জনপ্রিয় চরিত্রকে ঘিরে তৈরি হতে যাচ্ছে নতুন এক কল্পনার জগৎ।
এ আয়োজনের বিশেষত্ব হলো, আলাদা আলাদা গল্পের পরিচিত চরিত্রগুলোকে এবার দেখা যাবে একই অভিযানে। তাদের সামনে থাকবে এক ভয়ংকর শত্রু, আর সেই বিপদ মোকাবিলায় প্রয়োজন হবে সাহস, বুদ্ধি ও জাদুর শক্তি। গল্পের পরতে পরতে থাকবে রহস্য, রোমাঞ্চ ও অলৌকিক সব ঘটনা।
শুধু চরিত্রদের নতুন করে একসাথে হাজির করাই নয়, এই আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হবে এমন এক কাল্পনিক আখ্যান, যা দর্শকদের পরিচিত রূপকথার পেছনের গল্পের নতুন ব্যাখ্যা দেবে। আর সেই জগতের কেন্দ্রেই থাকবেন এক কিংবদন্তি গল্পকার, যার কাহিনি থেকে জন্ম নিয়েছে অসংখ্য রোমাঞ্চকর উপাখ্যান।
এবার সেই পরিকল্পনাই বাস্তবে রূপ দিতে যাচ্ছে হলিউড। ‘আরব্য রজনী’ বা ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস’ অবলম্বনে নির্মিত হচ্ছে ১০ পর্বের লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ ‘অ্যারাবিয়ান নাইটস’। এতে একই গল্পে হাজির হবে দুঃসাহসী নাবিক সিনবাদ, জাদুর প্রদীপের অধিকারী আলাদিন ও বুদ্ধিমান আলীবাবা।
সিরিজের গল্পে এই তিন চরিত্রের সাথে থাকবেন শাহেরজাদ। তারা এক অশুভ জাদুকরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করবে। সেই অভিযানের মধ্য দিয়েই শাহেরজাদ হয়ে উঠবেন সর্বকালের অন্যতম সেরা গল্পকার। পরবর্তী সময়ে তাদের অভিযান ও অভিজ্ঞতাই রূপ নেবে কিংবদন্তি রূপকথায়।
‘স্পার্টাকাস’ ও ‘ভাইকিংস’-এর মতো জনপ্রিয় সিরিজের সাথে যুক্ত নির্মাতারা এই প্রকল্পে কাজ করছেন। ভ্যারাইটি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ভেরিটাস এন্টারটেইনমেন্ট সিরিজটি নির্মাণ করছে। চিত্রনাট্য লিখছেন ‘কিংস’ সিরিজখ্যাত কামরান পাশা। তার সাথে রয়েছেন ‘স্পার্টাকাস’-এর চিত্রনাট্যকার স্টিভেন এস ডিনাইট।
কামরান পাশা জানিয়েছেন, আরব্য রজনীর জনপ্রিয় চরিত্রগুলোকে একটি গল্পে নিয়ে আসার সুযোগ পেয়েছেন তারা। তার ভাষ্য, এতে মূল কাহিনির রোমাঞ্চের পাশাপাশি সাংস্কৃতিক সত্যতাও বজায় রাখার চেষ্টা করা হবে। অন্যদিকে স্টিভেন এস ডিনাইটও আধুনিক দর্শকদের কাছে এই গল্পগুলো নতুনভাবে তুলে ধরার উদ্যোগে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নির্মাতাদের পরিকল্পনা, ‘অ্যারাবিয়ান নাইটস’-এর গল্প একাধিক মৌসুম ধরে এগিয়ে নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের সেপ্টেম্বরে বাহরাইনে সিরিজটির শুটিং শুরু হবে। এ কাজে সহায়তা করবে বাহরাইন সরকার।


