...|...|...

সারাদেশ

সিটি কর্পোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, রাত ১২:৫৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৫
Shares
সিটি কর্পোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

১৫৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী পর্যটন নগরী কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পর স্থানীয় ও জাতীয় মহলে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক নির্দেশনায় কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরে দ্রুত প্রশাসনিক কার্যক্রম গ্রহণ এবং এর অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব ও প্রটোকল অফিসার-১ মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

এর আগে গত ২ এপ্রিল কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়ে এই জোরালো দাবি উত্থাপন করেন। পরবর্তীতে গত ১৩ জুন কক্সবাজার জেলা সফরকালে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন, যা বাস্তবায়নের এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভাটিকে সিটি কর্পোরেশনের মর্যাদায় উন্নীত করা হলে দেশের প্রধান পর্যটন এই জনপদের নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।