...|...|...

বিশ্ব

সিঙ্গাপুরে রাষ্ট্রীয় তেল মজুদ করবে সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৩
Shares
সিঙ্গাপুরে রাষ্ট্রীয় তেল মজুদ করবে সৌদি আরব

ছবি: সংগৃহীত

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার জেরে বাণিজ্যিক জাহাজে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে নিজেদের সরবরাহ চেইনের স্থিতিশীলতা বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুদ করতে যাচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে এই কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের প্রভাব এখনও বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। হরমুজ প্রণালী এবং বাব আল-মান্দেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত নতুন পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। 

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংগৃহীত তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী ও এর আশেপাশের জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দিক থেকে চলতি অক্টোবর মাসটি অন্যতম রেকর্ডময় ও খারাপ একটি মাস হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি শিল্প সম্মেলনে আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফাতিহ বিরোল জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তিনি জানিয়েছেন যে, ২০২৭ সালে বিশ্ব জ্বালানি বাজার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে বলে তিনি মনে করেন না।

এমনই এক প্রেক্ষাপটে সৌদি আরব ও সিঙ্গাপুরের জ্বালানি মন্ত্রীরা যৌথভাবে জানিয়েছেন যে, আঞ্চলিক বাজারে আরামকোর সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও দৃঢ়তা আরও সুদৃঢ় করতেই সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুদ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।