ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেননি জামাল ভূঁইয়ারা।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটাই ভালো ছিল না। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল থমাস ডুলির দল।
টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার আশঙ্কায় পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন আনেন কোচ। জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন সুযোগ পান শুরুর একাদশে।
বাদ পড়েন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।
ম্যাচের শুরুতে গুছিয়ে খেলে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিবরা কয়েকবার প্রতিপক্ষের বক্সের দিকে এগিয়ে যান।
তবে প্রতিবারই ডি-বক্সের সামনে গিয়ে এলোমেলো হয়ে পড়েন বাংলাদেশের খেলোয়াড়েরা। ফলে পুরো প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি দলটি।
অন্যদিকে সিঙ্গাপুর শুরুতে ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণে ধার বাড়ায়।
৩৬তম মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে শট নেন স্টেয়ার্ট। বল জালে জড়ালে কিছুই করার ছিল না গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ।
কিন্তু সিঙ্গাপুরের রক্ষণ দুর্ভেদ্য থাকায় গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত এক গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামালদের।

