জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বার কাউন্সিলের এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাংবাদিক ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়ে লড়ার সুযোগ বন্ধ হলো।
এর আগে সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই চালাতে যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল বার কাউন্সিলে আবেদন করেছিলেন। কিন্তু ট্রাইব্যুনালের অনুমতি ও বার কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও বার কাউন্সিল সরাসরি আবেদনটি নাকচ করে দেয়। ফলে এই পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের চেষ্টা আনুষ্ঠানিকভাবে বাধার মুখে পড়ল।

