...|...|...

সারাদেশ

সার ডিলার নিয়োগ ইস্যুতে জামায়াত এমপির ভাইকে মারধর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪২
Shares
সার ডিলার নিয়োগ ইস্যুতে জামায়াত এমপির ভাইকে মারধর

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে ঘোষিত মানববন্ধন কর্মসূচির জেরে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনের ছোট ভাই কিরণকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই ঘটনায় এমপির একটি বিলবোর্ডও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ‘ভয়েস অব ফুলবাড়িয়া’ নামে একটি ফেসবুক আইডি থেকে সার ডিলার নিয়োগে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন। একপর্যায়ে সেখানে কিরণকে গণধোলাই দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের সময় কিরণের পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে তিনি সেখান থেকে চলে যান।

ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে বিএনপির নেতারা দাবি করেন, নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। তাদের ভাষ্য, একটি পক্ষ বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে উপজেলা পরিষদ ঘেরাওয়ের চেষ্টা করছিল।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছাইফুল ইসলাম বাদল বলেন, ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ ভবন ঘেরাও করতে চেয়েছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, সার ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। জামায়াত-শিবিরের যেকোনো কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

এ বিষয়ে জামায়াতের পরামর্শ বোর্ড সভার সদস্য মো. আব্দুল মজিদ বলেন, পরিষদ ঘেরাও নিয়ে জামায়াতের কোনো কর্মসূচি ছিল না। কিরণ আমাদের দলের কেউ না। তবে এ ধরনের ঘটনা দুঃখজনক।

ঘটনার পর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।