...|...|...

লাইফস্টাইল

সামান্য অসুখেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, হতে পারে ভয়াবহ বিপদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
সামান্য অসুখেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, হতে পারে ভয়াবহ বিপদ

ছবি: সংগৃহীত

সামান্য জ্বর, সর্দি-কাশি কিংবা গলাব্যথা হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন অনেকে। আবার কেউ কেউ রোগের লক্ষণ কমে গেলেই নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করে দেন। কিন্তু অ্যান্টিবায়োটিকের এমন ভুল ব্যবহার ভবিষ্যতে মারাত্মক বিপদের কারণ হয়ে উঠতে পারে। একসময় শরীরে সংক্রমণ দেখা দিলেও প্রচলিত অ্যান্টিবায়োটিক আর কাজ না-ও করতে পারে। এ সম্পের্কে আলোচনা করছেন ডা. কাকলী হালদার সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা

বিশ্বজুড়ে ওষুধ প্রতিরোধী জীবাণুর ক্রমবর্ধমান বিস্তার এখন জনস্বাস্থ্যের অন্যতম বড় উদ্বেগ। বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৮ থেকে ২৪ নভেম্বর পালন করা হয় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কী?

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর হলো এমন একটি অবস্থা, যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক কিংবা পরজীবী তাদের বিরুদ্ধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করে।

এর ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও জটিল হয়ে পড়তে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রচলিত ওষুধ কাজ না করলে রোগীর চিকিৎসায় বিকল্প ওষুধের প্রয়োজন হয়। কখনো কখনো কার্যকর চিকিৎসার বিকল্পও সীমিত হয়ে পড়ে।

কেন অ্যান্টিবায়োটিক কাজ করছে না?

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যবহার ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তারকে ত্বরান্বিত করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া, ভুল মাত্রায় সেবন কিংবা নির্ধারিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ না করার কারণে এই ঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, সর্দি বা ফ্লুর মতো ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক সাধারণত কোনো কাজে আসে না। কারণ অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। শুধু মানুষের চিকিৎসায় নয়, গবাদিপশু পালন ও কৃষিক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারও প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

কেন উদ্বেগ বাড়ছে?

ধরুন, কোনো গুরুতর অসুস্থ রোগী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার রক্তে এমন ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে, যার বিরুদ্ধে একাধিক প্রচলিত অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না। এমন পরিস্থিতিতে চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে।

ওষুধ প্রতিরোধী সংক্রমণ বাড়তে থাকলে অস্ত্রোপচার, ক্যানসারের চিকিৎসা এবং অন্যান্য জটিল চিকিৎসাপদ্ধতির ঝুঁকিও বেড়ে যেতে পারে। কারণ এসব চিকিৎসার ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি কমাতে করণীয়

১. চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না

নিজের সিদ্ধান্তে কিংবা অন্যের ব্যবহৃত প্রেসক্রিপশন দেখে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত নয়। কোন সংক্রমণে অ্যান্টিবায়োটিক প্রয়োজন, তা চিকিৎসক নির্ধারণ করবেন।

২. নির্ধারিত নিয়মে ওষুধ সেবন করুন

চিকিৎসক যে মাত্রা ও সময়ের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন, সেই নির্দেশনা অনুসরণ করতে হবে। উপসর্গ কমে গেলেই নিজে থেকে ওষুধ বন্ধ করা কিংবা চিকিৎসার মেয়াদ বাড়ানো উচিত নয়।

৩. সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্ন থাকুন

নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানি পান করা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রয়োজনীয় টিকা গ্রহণও গুরুত্বপূর্ণ।

৪. অন্যের সাথে অ্যান্টিবায়োটিক ভাগ করবেন না

একজনের জন্য নির্ধারিত অ্যান্টিবায়োটিক অন্য কারও জন্য উপযুক্ত না-ও হতে পারে। তাই অবশিষ্ট ওষুধ পরে নিজের ইচ্ছায় ব্যবহার করা বা অন্যকে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

৫. পশুপালন ও কৃষিতে অপব্যবহার বন্ধ করুন

গবাদিপশু ও কৃষিক্ষেত্রে প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ এবং নির্ধারিত নিয়ম মেনে এসব ওষুধ ব্যবহার করতে হবে।

সব মিলিয়ে, অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। কিন্তু অপ্রয়োজনীয় ও ভুল ব্যবহারের কারণে এর কার্যকারিতা হুমকির মুখে পড়ছে। তাই নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়া জরুরি।