...|...|...

স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদফতরে বদলি-পদায়নে নতুন কমিটি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৮
Shares
স্বাস্থ্য অধিদফতরে বদলি-পদায়নে নতুন কমিটি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি এবং পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ছয় সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসাথে সব পর্যায়ের বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালককে (প্রশাসন) কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন)।

অফিস আদেশে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বদলি ও পদায়নের প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে। এসব সুপারিশ মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। 

এ ছাড়া, সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অপরদিকে এখন থেকে ষষ্ঠ গ্রেডের (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ছাড়া) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তার বদলি ও পদায়নের আবেদন করতে হবে অনলাইনে। কোনো ধরনের ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না। একই সাথে স্বাস্থ্য অধিদফতরের জারি করা বদলি ও পদায়ন আদেশ অনুযায়ী যেসব কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল পরিবর্তন হয়েছে, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে প্রশাসন শাখার সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্দেশনা জারির পর থেকে হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

স্বাস্থ্য অধিদফতরের আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের। নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের ছুটি, প্রশিক্ষণ বা প্রেষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বদলি বা পদায়ন আদেশ পুনর্বিবেচনার আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে কেবল আদেশে তথ্যগত বা প্রশাসনিক জটিলতা থাকলে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।

এ ছাড়া শিক্ষা প্রেষণ বা ছুটি শেষে ফিরে আসা ওএসডি চিকিৎসক কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান এবং অনলাইনে পদায়নের আবেদন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরে বদলি-পদায়নসহ অন্যান্য প্রশাসনিক কাজে আসার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন বা ছুটির পত্র সাথে রাখতে হবে। অনুমোদিত ছুটির পত্র ছাড়া অধিদফতরে আসাকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯-এর সুস্পষ্ট লঙ্ঘন ও অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পদায়িত কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান না করলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে পরিচালক (প্রশাসন) বরাবর ই-মেইলে ([email protected]) বিষয়টি জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের জারি করা সব বদলি ও পদায়ন আদেশের ক্ষেত্রে এসব নির্দেশনা কার্যকর হবে।