...|...|...

লাইফস্টাইল

ধূমপান না করলেও ফুসফুসের ক্ষতি হতে পারে যে ৫ কারণে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৮
Shares
ধূমপান না করলেও ফুসফুসের ক্ষতি হতে পারে যে ৫ কারণে

ছবি: সংগৃহীত

ফুসফুসের রোগের কথা উঠলেই প্রথমে মনে আসে ধূমপানের বিষয়টি। সিগারেটের ধোঁয়া ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটি সবারই জানা। তবে ধূমপান না করলেও ফুসফুসের নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। প্রতিদিনের পরিবেশ, দূষিত বাতাস এবং ঘরে ব্যবহৃত কিছু রাসায়নিক পদার্থও ফুসফুসের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দীর্ঘদিন দূষিত বাতাস ও ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকলে শ্বাসনালিতে প্রদাহ, ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস এবং দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ দেখা দিতে পারে। কিছু দূষণকারী উপাদান ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। অ্যাপোলো হসপিটালসের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী অধূমপায়ীদের ফুসফুসের ক্ষতির প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো

১. বায়ুদূষণ ও নির্মাণকাজের ধুলাবালি

শহরের ব্যস্ত সড়ক, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ এবং নির্মাণকাজের ধুলাবালি ফুসফুসের জন্য বড় ঝুঁকি তৈরি করে। এসব উৎস থেকে বাতাসে ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও সূক্ষ্ম ধূলিকণা।

বিশেষ করে পিএম ২.৫ নামে পরিচিত অতিক্ষুদ্র বস্তুকণা শ্বাসের সাথে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। দীর্ঘদিন এসব দূষিত বাতাসে বসবাস করলে শ্বাসতন্ত্রে প্রদাহ, হাঁপানি ও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ঝুঁকি বাড়তে পারে। বায়ুদূষণের সাথে ফুসফুসের ক্যানসারের সম্পর্কও বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত।

২. অন্যের সিগারেটের ধোঁয়া

নিজে ধূমপান না করলেও আশপাশের মানুষের সিগারেটের ধোঁয়া থেকে ক্ষতির আশঙ্কা থাকে। একে বলা হয় পরোক্ষ ধূমপান বা সেকেন্ডহ্যান্ড স্মোকিং।বাড়ি, অফিস, রেস্তোরাঁ কিংবা অন্য কোনো বদ্ধ পরিবেশে নিয়মিত সিগারেটের ধোঁয়ার সংস্পর্শে থাকলে অধূমপায়ীদেরও শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপান ফুসফুসের ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। শিশুদের ক্ষেত্রে এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ ও হাঁপানির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের সুরক্ষায় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

৩. রান্নাঘরের ধোঁয়া

রান্নার সময় তৈরি হওয়া ধোঁয়াও ফুসফুসের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে কাঠ, কয়লা, শুকনো পাতা কিংবা গোবরের মতো জ্বালানি ব্যবহার করলে বাতাসে ক্ষতিকর গ্যাস ও সূক্ষ্ম কণা ছড়িয়ে পড়ে।

যেসব রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই, সেখানে এই দূষণের মাত্রা বেশি হতে পারে। দীর্ঘদিন এমন পরিবেশে রান্না করলে শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের আশঙ্কা বাড়ে।

বিশেষ করে রান্নাঘরে বেশি সময় কাটানো নারী ও শিশুদের জন্য এ ধরনের দূষণ উদ্বেগের কারণ হতে পারে। তাই রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচল এবং সম্ভব হলে কম দূষণকারী জ্বালানির ব্যবহার নিশ্চিত করা উচিত।

৪. ঘর পরিষ্কারের রাসায়নিক

ঘরবাড়ি পরিষ্কার রাখতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পণ্যও কখনো কখনো ফুসফুসের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্লিচ, জীবাণুনাশক, বাথরুম ক্লিনার ও বিভিন্ন ধরনের স্প্রে থেকে নির্গত রাসায়নিক বাষ্প শ্বাসনালিতে অস্বস্তি তৈরি করতে পারে।

বিশেষ করে বদ্ধ ঘরে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করলে কাশি, চোখে জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।সবচেয়ে বিপজ্জনক হলো ব্লিচের সাথে অ্যামোনিয়া বা অ্যাসিডযুক্ত পরিষ্কারক মেশানো। এতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, যা ফুসফুসের গুরুতর ক্ষতি করতে সক্ষম।

তাই পরিষ্কারের সময় জানালা খুলে রাখা, পণ্যের নির্দেশনা মেনে চলা এবং কখনোই একাধিক পরিষ্কারক রাসায়নিক একসাথে না মেশানো জরুরি।

৫. মশার কয়েল ও ঘরের ভেতরের ধোঁয়া

মশা তাড়াতে অনেকেই নিয়মিত কয়েল বা ধূপ ব্যবহার করেন। তবে এসব পণ্য পোড়ানোর ফলে ঘরের বাতাসে ধোঁয়া ও ক্ষতিকর সূক্ষ্ম কণা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে দরজা-জানালা বন্ধ রেখে দীর্ঘ সময় মশার কয়েল জ্বালালে ঘরের বাতাসের মান খারাপ হতে পারে। এতে কাশি, চোখ ও গলায় জ্বালাপোড়া এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।

হাঁপানি বা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এসব ধোঁয়া আরও বেশি অস্বস্তি তৈরি করতে পারে। তবে মশার কয়েলের ধোঁয়া থেকে সরাসরি ফুসফুসের ক্যানসার হয়, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত মানবভিত্তিক গবেষণা নেই।

ফুসফুস সুস্থ রাখতে যা করবেন

ফুসফুস ভালো রাখতে প্রথমেই ধূমপান ও পরোক্ষ ধূমপান এড়িয়ে চলতে হবে। বাইরের বাতাস বেশি দূষিত থাকলে অপ্রয়োজনে বাইরে যাওয়া কমানো এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মাস্ক ব্যবহার করা যেতে পারে।

পাশাপাশি রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা, ঘর পরিষ্কারের রাসায়নিক সতর্কতার সঙ্গে ব্যবহার করা এবং ঘরের ভেতরে অপ্রয়োজনীয় ধোঁয়া তৈরি হয় এমন কাজ এড়িয়ে চলা উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘদিন কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কফের সাথে রক্ত কিংবা অস্বাভাবিক ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

মনে রাখতে হবে, ফুসফুসের সুস্থতা শুধু ধূমপান থেকে দূরে থাকার ওপর নির্ভর করে না। চারপাশের পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসের প্রতিও সচেতন থাকা প্রয়োজন।