...|...|...

খেলা

সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে সুখবর দিল বিসিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে সুখবর দিল বিসিবি

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানের জন্য মিলেছে স্বস্তির খবর। ২০২২ সালের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি ৩৫ বছর বয়সী এই ব্যাটারের। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আবারও নির্বাচকদের নজরে এসেছেন তিনি। বিসিবির নির্বাচক হাবিবুল বাশারের কথায়, জাতীয় দলে ফেরার দৌড়ে এখনো পুরোপুরি বাদ পড়েননি সাব্বির। 

টপ এন্ড টি-টোয়েন্টিতে সাব্বিরের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে হাবিবুল বাশার এ তথ্য জানিয়েছেন। টুর্নামেন্টে ৭ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে ১৮৪ রান করেছেন সাব্বির। তার ব্যাট থেকে এসেছে দুটি ফিফটি ও ৪৭ রানের একটি ইনিংস। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের বিবেচনায় তিনি আছেন কি না, জানতে চাওয়া হয়েছিল প্রধান নির্বাচকের কাছে।

জবাবে হাবিবুল বাশার বলেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি।’

সাব্বিরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। হাবিবুল বলেন, ‘সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

জাতীয় দলে ফেরার জন্য সাব্বিরকে নিয়মিত ক্রিকেটের মধ্যে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন হাবিবুল। তার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সাব্বিরকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া যেতে পারে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’

অর্থাৎ, বয়স ৩৫ পেরোলেও সাব্বিরের জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না। সামনে ‘এ’ দলের ক্রিকেট ও অন্যান্য সুযোগে নিজেকে প্রমাণ করতে পারলে আবারও জাতীয় দলের বিবেচনায় আসার সম্ভাবনা রয়েছে তার ।