...|...|...

বিনোদন

সাবেক দুই স্ত্রী ও বর্তমান স্ত্রীকে নিয়ে একসাথে থাকার পরিকল্পনা আমিরের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, বিকেল ৫:৪০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২৯
Shares
সাবেক দুই স্ত্রী ও বর্তমান স্ত্রীকে নিয়ে একসাথে থাকার পরিকল্পনা আমিরের

লিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবার পুরো পরিবার। ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবার পুরো পরিবারকে এক ছাদের নিচে রাখার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী এক আবাসন প্রকল্প হাতে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মুম্বাইয়ের অভিজাত পালি হিলে নির্মাণাধীন বহুতল ‘স্কাই ভিলা’য় বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাটের পাশাপাশি সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওসহ পরিবারের সদস্যদের জন্যও আলাদা আবাসনের পরিকল্পনা করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই আবাসন প্রকল্পে অতিরিক্ত ফ্ল্যাট কিনতেই আমির ১০০ কোটিরও বেশি রুপি ব্যয় করেছেন। একাধিক ফ্ল্যাট একত্র করে তৈরি হবে বিশাল ‘স্কাই ভিলা’, যেখানে পরিবারের সদস্যরা পৃথক ইউনিটে থাকলেও একই কমপ্লেক্সে বসবাস করবেন।

জানা গেছে, মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত ‘বেলা ভিস্তা’ ও ‘মেরিনা অ্যাপার্টমেন্টস’ পুনর্নির্মাণের মাধ্যমে এই বহুতল প্রকল্প গড়ে তোলা হচ্ছে। নির্মাণকাজ ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার কথা। পুনর্নির্মাণের আগেই ‘বেলা ভিস্তা’র ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টির মালিক ছিলেন আমির। এছাড়া পাশের ‘মেরিনা অ্যাপার্টমেন্টস’-এও তার একাধিক ফ্ল্যাট রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন কমপ্লেক্সে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি পরিবারের সবাই যেন একসাথে সময় কাটাতে পারেন, সে জন্য একটি পুরো ফ্লোর রাখা হবে পারিবারিক অনুষ্ঠান, উৎসব ও বিনোদনের জন্য।

পরিকল্পনা অনুযায়ী, বড় ছেলে জুনায়েদ খানের জন্য থাকবে একটি আলাদা ফ্লোর। অন্য দুটি ফ্লোরে থাকবেন আমির খান, তার বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাট এবং গৌরীর আগের পক্ষের সন্তান।

এছাড়া আমিরের মা জিনাত হুসেন, দুই বোন নিখাত খান ও ফারহাত খান দত্তের জন্যও আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা রাখা হচ্ছে। একই ভবনে সাবেক স্ত্রী রীনা দত্ত, কিরণ রাও এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও আবাসনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত আমির পরিবারসহ পালি হিলের নার্গিস দত্ত রোডের ‘উইলনোমোনা অ্যাপার্টমেন্টস’-এ ভাড়া থাকছেন। সেখানে তার মা, দুই বোন, দুই ছেলে জুনায়েদ ও আজাদ এবং বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাটের সাথে বসবাস করছেন তিনি।

তবে উল্লেখ্য, পুরো বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে আমির খান বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।