...|...|...

আইন ও আদালত

সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার শুনানি চলছে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, সকাল ১১:০৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩২
Shares
সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার শুনানি চলছে

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। আজ রবিবার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। বিচার চলাকালীন ও পরবর্তী সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে দুজন মারা যান।

নিম্ন আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যাওয়ার পাশাপাশি আসামিরাও আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। মৃত্যুদণ্ড বহাল থাকা ছয় আসামি হলেন- নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দীপু, মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু (যিনি পরবর্তীতে ৪ জানুয়ারি কাশিমপুর কারাগারে মারা যান), হাফিজ ওরফে কানা হাফিজ এবং সোহাগ ওরফে সরু। এছাড়া যাবজ্জীবন বহাল রাখা হয় টিপু ও নুরুল আমিনের।

অন্যদিকে, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন-মো. আলী, সৈয়দ আহমেদ হোসেন মজনু, আনোয়ার হোসেন ওরফে আনু, রতন মিয়া ওরফে বড় মিয়া রতন, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, আবু সালাম ওরফে সালাম এবং মশিউর রহমান ওরফে মনু। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে থেকে আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন, লোকমান ও দুলাল মিয়া-এই ১১ জন খালাস পান।

একইসাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে থেকে মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীরও খালাস পান। হাইকোর্টের এই রায়ের পর দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আপিল করেন, যার ওপর আজ শুনানি চলছে।