...|...|...

সারাদেশ

সাতক্ষীরায় ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ১:৪০
Shares
সাতক্ষীরায় ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

জব্দকৃত হেরোইন তৈরির কাঁচামাল। ছবি: টাইমস টুডে

সাতক্ষীরার কোমরপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) মাদকবিরোধী অভিযানে চার বোতল হেরোইন তৈরির কাঁচামাল জব্দ হয়েছে। জব্দকৃত মাদক দ্রব্যগুলোর আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ টাকা। 

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃত দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের কোমরপুর নামক স্থান থেকে চার বোতল হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করে। 

বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট সিজার মূল্য ৭৮ লাখ টাকা।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস্ জানান, সাতক্ষীরার শাখরা সীমান্তে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-এমন চার বোতল দ্রব্য জব্দ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে।