সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি ও পৌরসভার জায়গা উচ্ছেদে সক্রিয় হয়েছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সামনে একটি বহুতল অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জে.এম, রেভিনিউ, ভি.পি ও জুডিশিয়াল মুন্সিখানা শাখা) সাইফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সার্ভেয়ার মামুন রশিদ, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং কর আদায়কারী শফিকুল রহমান পিন্টুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য।
উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রশিক্ষণরত) মো. শাহেদ হোসেন বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। ওই স্থানে একটি অবৈধ স্থাপনা থাকায় দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণকাজ ব্যাহত হচ্ছিল।
তিনি বলেন, নিয়মানুযায়ী সংশ্লিষ্টদের আগে থেকেই নোটিশ দেওয়া হয় এবং মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। এরপরও স্থাপনাটি অপসারণ করা হয়নি। বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরও মালামাল সরিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় দেওয়া হয়। মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার পর উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, ভবনটির ইট, রডসহ অন্যান্য অবশিষ্ট মালামাল সরিয়ে নেওয়ার জন্যও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্কেভেটর ও পৌরসভার কর্মীদের সহায়তায় অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, পৌরসভার জায়গা দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান বা স্থাপনা গড়ে তুলেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পৌর এলাকার সরকারি ও পৌরসভার জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী শুক্রবার সাতক্ষীরা সদর থানা মসজিদের সামনে পৌরসভার রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কাপড়ের দোকানগুলোতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


