...|...|...

বিশ্ব

সাগরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিকের চেয়েও বড় জাহাজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫০
Shares
সাগরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিকের চেয়েও বড় জাহাজ

এসএস ইউনাইটেড স্টেটস জাহাজ। ছবি: সংগৃহীত

একসময় আটলান্টিক মহাসাগরের বুকে গতির রেকর্ড গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যে জাহাজ, সেটিই এবার আশ্রয় নিয়েছে সমুদ্রের গভীরে। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে ফ্লোরিডার উপকূলীয় জলসীমায়। প্রায় এক হাজার ফুট দীর্ঘ বিশাল এই জাহাজকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সমুদ্রযাত্রার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটলেও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত এসএস ইউনাইটেড স্টেটস ছিল মার্কিন নৌপ্রযুক্তির অন্যতম বিস্ময়। প্রায় ৯৯০ ফুট দীর্ঘ জাহাজটি আকারে বিখ্যাত টাইটানিকের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় ৮৮৩ ফুট। অসাধারণ গতি, শক্তিশালী কাঠামো এবং বিলাসবহুল যাত্রীসেবার কারণে অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে পরিচিতি পায় জাহাজটি।

১৯৫২ সালে প্রথম সমুদ্রযাত্রাতেই ইতিহাস গড়ে এসএস ইউনাইটেড স্টেটস। আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে জাহাজটির সময় লেগেছিল মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিট। ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার গতিতে সমুদ্র পাড়ি দিয়ে দ্রুততম পশ্চিমমুখী আটলান্টিক অতিক্রমের রেকর্ড গড়ে এটি। প্রচলিত যাত্রীবাহী সমুদ্রযাত্রার ক্ষেত্রে সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে বলে দাবি করা হয়।

দীর্ঘ ১৭ বছরের বাণিজ্যিক জীবনে জাহাজটি বহন করেছে বিশ্বের বহু প্রভাবশালী ও বিখ্যাত ব্যক্তিকে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ারের পাশাপাশি হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মার্লন ব্র্যান্ডোর মতো ব্যক্তিত্বদের নামও এর যাত্রীদের তালিকায় রয়েছে। শিল্পী সালভাদর দালিও এই ঐতিহাসিক জাহাজে ভ্রমণ করেছিলেন।

তবে আকাশপথে যাত্রী পরিবহনের জনপ্রিয়তা বাড়তে থাকায় ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে আটলান্টিক পাড়ি দেওয়া বিলাসবহুল জাহাজগুলো। এর প্রভাব পড়ে এসএস ইউনাইটেড স্টেটসের ওপরও। শেষ পর্যন্ত ১৯৬৯ সালে জাহাজটির বাণিজ্যিক যাত্রী পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এরপর কয়েক দশক ধরে জাহাজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বন্দরে নোঙর করে রাখা হয় এটিকে। একসময় রক্ষণাবেক্ষণ ও বন্দরে অবস্থানের খরচ এতটাই বেড়ে যায় যে জাহাজটির সংরক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

বিশেষ করে ২০২১ সালে বন্দরে অবস্থানের দৈনিক মাশুল বাড়িয়ে এক হাজার ৭০০ ডলার করা হলে আর্থিক সংকটে পড়ে জাহাজটি সংরক্ষণের দায়িত্বে থাকা অলাভজনক প্রতিষ্ঠান এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সি। ঐতিহাসিক জাহাজটিকে জাদুঘর কিংবা পর্যটনকেন্দ্রে রূপান্তরের বিভিন্ন পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এ অবস্থায় ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি প্রায় ১০ লাখ ডলারে জাহাজটি কেনার উদ্যোগ নেয়। উদ্দেশ্য ছিল, জাহাজটিকে সমুদ্রের তলদেশে স্থাপন করে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা।

পরিকল্পনা অনুযায়ী, ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়। তবে এর আগে পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘ প্রস্তুতি নেওয়া হয়। জাহাজের ভেতর থেকে সম্ভাব্য ক্ষতিকর রাসায়নিক, জ্বালানি, দূষণ সৃষ্টিকারী উপাদান এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ সামগ্রী অপসারণ করা হয়।

প্রায় এক বছর ধরে চলা প্রস্তুতির পর নিয়ন্ত্রিত পদ্ধতিতে জাহাজটির ভেতরে পানি প্রবেশ করানো হয়। প্রায় পাঁচ ঘণ্টার প্রক্রিয়া শেষে বিশাল জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়।

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির এই উদ্যোগের মূল লক্ষ্য সামুদ্রিক প্রাণীদের জন্য নতুন আবাসস্থল গড়ে তোলা। সমুদ্রের তলদেশে ডুবে থাকা জাহাজের কাঠামোতে ধীরে ধীরে বিভিন্ন সামুদ্রিক জীব বসতি স্থাপন করতে পারে। মাছ, শামুক, স্পঞ্জসহ নানা জলজ প্রাণীর আশ্রয়স্থল হয়ে ওঠে এসব কাঠামো।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন সমুদ্র ও মহাসাগরের তলদেশে ৩০ লাখের বেশি জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। দীর্ঘ সময় পানির নিচে অবস্থানের ফলে এসব জাহাজের অনেকগুলো সামুদ্রিক প্রাণীদের আবাসস্থলে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির উদ্যোগ নতুন নয়। দেশটিতে ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় পরিত্যক্ত তেল ও গ্যাস উত্তোলন কাঠামোকে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থলে রূপান্তর করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে কংক্রিটের বিশেষ কাঠামো, পরিত্যক্ত যানবাহন এবং জাহাজ ব্যবহার করেও কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসএস ইউনাইটেড স্টেটসকে ঘিরে গড়ে ওঠা নতুন সামুদ্রিক আবাসস্থল স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মাছের প্রজনন ও আশ্রয়ের সুযোগ বাড়ার পাশাপাশি পর্যটনশিল্পেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে ডুবুরিদের কাছে জাহাজটি নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। বিশাল আকারের ঐতিহাসিক এই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ফ্লোরিডায় আসবেন বলে আশা করছেন স্থানীয় পর্যটনসংশ্লিষ্টরা।

তবে কৃত্রিম প্রবালপ্রাচীরের পরিবেশগত সুফল নির্ভর করে জাহাজটির যথাযথ পরিষ্কারকরণ, অবস্থান এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত পর্যবেক্ষণের ওপর। তাই সমুদ্রের তলদেশে স্থাপনের পরও এর প্রভাব পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।

একসময় আটলান্টিকের উত্তাল ঢেউ পেরিয়ে দ্রুততম যাত্রীবাহী জাহাজের খ্যাতি অর্জন করেছিল এসএস ইউনাইটেড স্টেটস। এবার সেই জাহাজই সমুদ্রের গভীরে নতুন পরিচয়ে জায়গা করে নিয়েছে। মানুষের সমুদ্রযাত্রার ইতিহাসের এক অনন্য নিদর্শন এখন সামুদ্রিক প্রাণীদের আশ্রয়স্থল হয়ে ওঠার অপেক্ষায়।