বাংলাদেশের আরও এক তারকা ক্রিকেটারকে ঘিরে বিগ ব্যাশে খেলার আলোচনা শুরু হয়েছে। আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে বিগ ব্যাশে ব্যস্ত থাকার কারণে মুস্তাফিজ ও রিশাদ হোসেনকে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক কম।
রাজধানীর পাঁচ তারকা হোটেলে চলছে ডি থ্রি ট্রফির নিলাম। এবারের নিলামে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার কোটির বেশি পয়েন্ট পেলেও মুস্তাফিজ ও রিশাদের পয়েন্ট রয়েছে কোটির নিচে। এর পেছনে বড় কারণ হিসেবে রয়েছে আসন্ন বিগ ব্যাশে তাদের খেলার সম্ভাবনা।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ। গতকাল এ বিষয়ে বোর্ডের কাছে আবেদন করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ। জানা গেছে, তাকে এনওসি দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বিসিবি। ফলে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে তার খেলার সম্ভাবনা কম।
অন্যদিকে, বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আবারও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। পুরো আসরে ব্যস্ত থাকার কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে তাকে পাওয়া যাবে না। রিশাদকে নিলামে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।
বিগ ব্যাশে খেলার সম্ভাবনা থাকায় মুস্তাফিজ ও রিশাদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা বাড়ছে। আর সেই সূচির কারণেই বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে তাদের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।


