উত্তর সাইপ্রাস উপকূলে ২৬৭ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন।
সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানিয়েছেন, রবিবার উপকূলীয় শহর গিরনে থেকে ছেড়ে যাওয়ার পর ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে। সে সময় জাহাজটিতে ২৫৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন।
সোমবার (৩১ আগস্ট) সামাজিক মাধ্যমে উস্তেল লিখেছেন, এই ট্র্যাজেডি কীভাবে ঘটল তা নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে ওই জাহাজের ক্যাপ্টেন এবং সাতজন ক্রু সদস্যকে আটক করা হয়েছে ।
বিবিসির বরাতে কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা সিংহভাগ যাত্রীকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তুর্কি কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার ও তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে।
ফেরিটি বর্তমানে সম্পূর্ণ ডুবে গেছে এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এর ব্ল্যাক বক্স রেকর্ডার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ব্যক্তিগত মালিকানাধীন এই ফেরিটি স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে (গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা) জনপ্রিয় অবকাশকালীন শহর গিরনে ছেড়ে গিয়েছিল।
উস্তেল জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে শনিবারই ফেরিটির তুরস্কে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।
তিনি তুর্কি সংবাদমাধ্যম টিআরটি-কে জানান, ডুবে যাওয়ার আগে ফেরিটি পরপর দুটি বড় তরঙ্গের বা ঢেউয়ের মুখে পড়েছিল।
তিনি জানান, প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করার সময় দ্বিতীয় আরেকটি ঢেউ এসে আঘাত হানে এবং জাহাজে পানি প্রবেশ করতে শুরু করে।
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে হেলিকপ্টার ও কোস্টগার্ডের নৌকা পাঠানো হয়েছে এবং উদ্ধার করা যাত্রীদের গ্রহণের জন্য সৈকতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
উস্তেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে, এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো মানুষের জীবন। তিনি যোগ করেন যে নিরাপত্তা বাহিনী, উদ্ধারকারী দল এবং স্বাস্থ্যকর্মীরা সবাই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
তিনি আরও বলেন, এই দুর্যোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং সামান্যতম অবহেলাও খুঁজে বের করা হবে।
উস্তেল বলেন, কেউই ছাড় পাবে না, সে যেই হোক না কেন, যাকে দোষী বা দায়ী পাওয়া যাবে।
উল্লেখ্য, উত্তর সাইপ্রাস তুর্কি রিপাবলিক-এর পরিবহন মন্ত্রী এরহান আরিকলি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে ১০০ জন যাত্রীকে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই রাষ্ট্রটি কেবল তুরস্ক দ্বারাই স্বীকৃত।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তুর্কি সাইপ্রাসবাসীদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন যে, যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের প্রচেষ্টা অবিরাম চালিয়ে যাওয়া হচ্ছে।


