...|...|...

খেলা

সাইক্লিংয়ে বাজিমাত, ১১০ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টাইন কোচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
সাইক্লিংয়ে বাজিমাত, ১১০ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টাইন কোচ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ জিতে আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল স্কালোনি। এবার ফুটবলের বাইরে সাইক্লিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। ৪৮ বছর বয়সে সাইক্লিং প্রতিযোগিতায় তৃতীয় হয়ে সরাসরি ২০২৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) আর্জেন্টিনার পাতাগোনিয়ায় অনুষ্ঠিত গ্রান ফন্ডো সিয়েতে লাগোস প্রতিযোগিতায় অংশ নেন স্কালোনি। পুরুষদের ৪৫-৪৯ বছর বয়সী বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। ১১০ কিলোমিটারের পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ২ ঘণ্টা ৫১ মিনিট ৫৪ সেকেন্ড। সব বিভাগের প্রতিযোগীদের মধ্যে তাঁর অবস্থান ছিল ৪০তম। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছে।

সান মার্টিন দে লস আন্দেস থেকে ভিয়া লা অ্যাঙ্গোস্তুরা পর্যন্ত জাতীয় সড়ক ধরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। নিজের বয়সভিত্তিক বিভাগে স্কালোনির চেয়ে ২৭ সেকেন্ড কম সময় নিয়ে প্রথম হয়েছেন হুয়ান কার্লোস তারিফা। দ্বিতীয় হওয়া ক্লদিও মার্সেলো আরোনের সাথে স্কালোনির ব্যবধান ছিল মাত্র ২ দশমিক ৯৬ সেকেন্ড।

এবারই প্রথম গ্রান ফন্ডো সিয়েতে লাগোস ইউসিআই গ্রান ফন্ডো ওয়ার্ল্ড সিরিজের অন্তর্ভুক্ত হয়েছে। আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়নের (ইউসিআই) নিয়ম অনুযায়ী, প্রতিটি বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণকারীদের প্রথম ২৫ শতাংশ ২০২৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা পান। তবে নিজ নিজ বিভাগে শীর্ষ তিনে থাকা প্রতিযোগীরা সরাসরি সেই আসরে জায়গা নিশ্চিত করেন। তৃতীয় হয়ে সেই সুযোগ কাজে লাগিয়েছেন স্কালোনি।

ফুটবলের পাশাপাশি সাইক্লিংয়ের প্রতি নিজের আগ্রহের কথা আগেও জানিয়েছেন আর্জেন্টিনার এই কোচ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ফুটবল থেকে অবসর নেয়ার পর সাইক্লিংয়ের প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দেড় ঘণ্টা অনুশীলন করি।’

এর আগে গত ১১ অক্টোবর গ্রান ফন্ডো বুয়েনস এইরেস প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন স্কালোনি। সেখানে তিন হাজার ৫০০-এর বেশি প্রতিযোগীর সাথে ১২৯ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।

ফুটবলে আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো এই কোচ এবার সাইক্লিংয়ের মঞ্চেও নিজের সক্ষমতার পরিচয় দিলেন। ২০২৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবেন ক্রীড়াপ্রেমীরা।