...|...|...

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৯
Shares
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন গ্রেফতার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার প্রাঙ্গন নেত্রকোনা জেলার বাসিন্দা। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিফ বেসরকারি টেলিভিশন ‘রূপসী বাংলা’র দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করতেন তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৩। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।