...|...|...

জাতীয়

সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:১৩
Shares
সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের ছয় মাস পূর্তি বা ১৮০ দিন শেষে জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিটি মন্ত্রণালয়ের অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি জানান, সরকার ঘোষিত ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। বিশেষ করে রেল যোগাযোগ সম্প্রসারণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা বাড়ানোর অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে সরকারের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরবেন। সেখানে সরকারের অর্জনের পাশাপাশি সীমাবদ্ধতা ও আগামী দিনের পরিকল্পনাও জানানো হবে।