...|...|...

চাকরি

সরকারিভাবে ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৭
Shares
সরকারিভাবে ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সংস্থাটির মাধ্যমে দেশটির ১৯টি কোম্পানিতে বিভিন্ন পদে মোট ৩৭০ জন কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোয়েসেল গত ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে; এতে স্বাক্ষর করেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার। নির্ধারিত অনলাইন পোর্টাল https://www.oep.gov.bd/job-circulars থেকে এ পদে আবেদন করা যাবে। গত ২৩ নভেম্বর সকাল ১০টায় আবেদন গ্রহণ শুরু হয়েছে।

যেসব পদে নিয়োগ ও বেতন-যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ১৯টি কোম্পানিতে নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

বেশির ভাগ পদে দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদের মাসিক বেতন ৬৫০ ডলার। পদভেদে প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পেতে পারেন।

চুক্তি, সুবিধা ও খরচ
চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের সঙ্গে দুই বছরের নবায়নযোগ্য শ্রম চুক্তি হবে। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা। ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটিসহ অন্যান্য সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী মিলবে। কর্মীদের বিমানভাড়া ও আবাসনের ব্যবস্থা করবে নিয়োগকারী কোম্পানি, তবে খাবারের খরচ কর্মীকে নিজেই বহন করতে হবে।

অনলাইনে আবেদনের সময় ১০০ টাকা ও সার্ভিস চার্জ দিতে হবে, যা অফেরতযোগ্য। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে পে-অর্ডার করে মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও দেশে মেডিকেল পরীক্ষার খরচও প্রার্থীকে বহন করতে হবে।

প্রতারণা নিয়ে সতর্কবার্তা
নিয়োগ ঘিরে কোনো ধরনের প্রতারণায় না জড়াতে সতর্ক করেছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, সাক্ষাৎকারের সময়সূচি ও নির্বাচিতদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইট boesl.gov.bd-এর নোটিশ বোর্ড এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি 'BOESL' লেখা পোর্টাল অথবা '01552146456' নম্বর থেকে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।

বোয়েসেল কোনো নগদ টাকা নেয় না এবং দেশের কোথাও তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই। তাই কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে '01765-411653' নম্বরে এবং ওইপি-সংক্রান্ত হটলাইন '09618884271'-এ যোগাযোগ করা যাবে।