...|...|...

রাজনীতি

সরকারকে সাধুবাদ, তবে এভাবে রাষ্ট্র চলবে না: আখতারুজ্জামান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৯
Shares
সরকারকে সাধুবাদ, তবে এভাবে রাষ্ট্র চলবে না: আখতারুজ্জামান

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি পুলিশের ভূমিকা এবং বর্তমান শাসনব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারকে সহযোগিতা করতে সবাই প্রস্তুত। তবে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও জনগণের সাথে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘সরকারকে ধন্যবাদ, সরকারকে সাধুবাদ; তবে এভাবে রাষ্ট্র চলবে না, এভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না।’

আইনের শাসনের ওপর গুরুত্ব দিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, দেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার বিরুদ্ধে মামলা হতে পারে, বিচার হতে পারে এবং পুলিশ আইন অনুযায়ী তাকে গ্রেফতার কিংবা হ্যান্ডকাফ পরাতে পারে। তবে আইনবহির্ভূতভাবে কারও বাসায় ডিবি পুলিশের অভিযান চালানো বা প্রকাশ্যে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার নেই।

ডিবি পুলিশের দায়িত্ব ও কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, ডিবি হলো ‘ডিটেকটিভ ব্রাঞ্চ’। তাদের কাজ গোপনে তদন্ত পরিচালনা করা। প্রকাশ্যে পুলিশি মহড়া দিয়ে কারও বাসায় প্রবেশ করা তাদের দায়িত্ব নয়। ডিবির এমন অপেশাদার আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে এই সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। আমরা সবাই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত; কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’