...|...|...

খুলনা

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৮
Shares
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: টাইমস টুডে

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, বৃদ্ধ মা-বাবার সুরক্ষা নিশ্চিত করতেই সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী হেবা আইনে কোনো ধরনের হস্তান্তরকে বাধাগ্রস্ত করবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আয়োজনে চাকরি মেলার সেমিনারে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা জানি হেবা আইন ধরার ক্ষমতা কারো নেই। আমরা যেটা সংশোধনে এনেছি সেটা হলো ট্রান্সফার অপ প্রপার্টি অ্যাক্ট। কিন্তু সংশোধনের এই অংশটুকু তারা পড়ছেন না। না পড়ে এটা নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছেন। এখন কেউ কেউ বলছে এটা হেবা আইন লঙ্ঘন। বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা যা করছি মানুষের কল্যাণের জন্য করছি। এটা জনকল্যাণমূলক আইন। আইনটা ভালো করে পড়ুন।

এ সময় তিনি এনজিও কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজেরা ইনকাম জেনারেটিং প্রজেক্টের মাধ্যমে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে যারা মাইক্রোক্রেডিট করছেন তাদের কাছে আরেকটা জিনিস বলি, আপনারা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত কাজ করবেন তাদের করার চেষ্টা করবেন। আমরা আইন মন্ত্রণালয় থেকে লিগ্যাল এড দিচ্ছি।

দিনব্যাপী এ চাকরি মেলায় ২২ হাজার চাকরিপ্রত্যাশীর সিভির মধ্যে ১ হাজার ১১৫ জনকে চাকরির অফার লেটার দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, চাকরি মেলা থেকে যারা চাকরি পেয়েছেন, তারা আবেগাপ্লুত হয়েছেন। পাশাপাশি এখন থেকে তাদের আর বেকার বলা যাবে না বলে জানান তারা।