চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সাথে সাক্ষাৎ করেন মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল। বৈঠকে কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের কার্যালয়ে যায়।
বৈঠকে জামায়াত নেতারা জানান, ৫ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা বজায় রাখতে চান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।
অন্যদিকে, সিএমপির পক্ষ থেকে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বৈঠক শেষে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করে।


