...|...|...

রাজনীতি

বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:২১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২০
Shares
বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।

সোমবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ডা. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্রের বিকাশে বিরোধী দলের কার্যকর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। একই সাথে সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোকে আরও কার্যকর করা এবং তরুণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত করার বিষয়ে মতবিনিময় করেন তারা।

আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংগঠনটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আইপিইউয়ের প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া ও সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে উপস্থিত ছিলেন।