...|...|...

অর্থনীতি

সব ব্যাংক কর্মকর্তার শিক্ষা সনদ যাচাইয়ের নির্দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৯
Shares
সব ব্যাংক কর্মকর্তার শিক্ষা সনদ যাচাইয়ের নির্দেশ

সব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে যেসব পদে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই, সেসব এন্ট্রি পদে নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের করপোরেট মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংকের কাছে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, সার্কুলার জারির আগে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদ আগামী বছরের ৩১ মার্চের মধ্যে যাচাই করতে হবে।

এদিকে নতুন করে যেকোনো পদে নিয়োগ পাওয়ার পর এক বছরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করতে হবে। যাচাইয়ের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য কর্মীর ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের নিয়োগ ও কর্মকর্তা-কর্মচারীদের তথ্য যাচাই করতে গিয়ে শিক্ষাগত যোগ্যতার সনদে নানা ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে কয়েকজনের সনদ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা যায়, কয়েকজন ব্যাংক কর্মকর্তার কাছে ২০০৬ সালের অক্টোবরে বন্ধ ঘোষণা করা দি কুমিল্লা ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিসহ কয়েকটি নিষিদ্ধ বিশ্ববিদ্যালয়ের সনদ পাওয়ার তথ্যও সামনে এসেছে। এসব ঘটনায় গত বছর কয়েকজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আগের প্রতিষ্ঠান শিক্ষাগত সনদ যাচাইয়ের প্রত্যয়ন দিলে নতুন করে একই সনদ যাচাই করার প্রয়োজন হবে না। তবে ওই অব্যাহতিপত্রে কোন কোন শিক্ষাগত সনদ যাচাই করা হয়েছে, তা অবশ্যই উল্লেখ করতে হবে।

এ ছাড়া সনদ যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত সনদ প্রদানকারী বিশ্ববিদ্যালয় কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পাওয়া যাচাইসংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত নথিতেও এসব তথ্য রাখতে হবে।

পরামর্শক বা উপদেষ্টা ছাড়া অন্য চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও নিয়োগের এক বছরের মধ্যে শিক্ষাগত সনদ যাচাই করতে হবে। কোনো সনদ জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে যেসব পদে নিয়োগের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, সেসব এন্ট্রি পদে নিয়োগের জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার বা সমমানের পদকে এন্ট্রি পদ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

এ ছাড়া ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার, ট্রেইনি ক্যাশ অফিসার, জুনিয়র ক্যাশ অফিসার, ক্যাশ অফিসার বা সমমানের পদও এন্ট্রি পদ হিসেবে গণ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এসব পদে নিয়োগের ক্ষেত্রে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা নিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাই করে নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উচ্চতর পদে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি এ ধরনের নিয়োগে অন্তত মৌখিক পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে শিক্ষাগত সনদের সত্যতা যাচাই এবং নিয়োগপ্রক্রিয়ায় প্রতিযোগিতা নিশ্চিত করে ব্যাংক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।