...|...|...

রাজধানী

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৩
Shares
সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় করা মামলায় মোটরসাইকেলের মালিক মো. রাকিব হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

রাকিবের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আদালত রাকিবের জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে শিগগিরই তিনি কারামুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন আইনজীবী।

আসামিপক্ষের আইনজীবীর দাবি, ঘটনার পর প্রথমে যে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছিল, সেটি রাকিবের হলেও ছিনতাইয়ের সময় সেটি ব্যবহার করা হয়নি। ঘটনার সময় মোটরসাইকেলটি গ্যারেজে ছিল এবং সিসিটিভি ফুটেজেও এর প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। পরে পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত প্রকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে বলেও জানান আইনজীবী।

জামিন আবেদনে বলা হয়, রাকিব নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার করা মোটরসাইকেলটি তার নয় এবং তার কাছ থেকে কোনো চোরাই মালামালও উদ্ধার করা হয়নি। আইনজীবীর দাবি, গণমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ার পর সৃষ্ট ‘মিডিয়া ট্রায়ালের’ কারণে রাকিবকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রনজিলা পারভীন (৫৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসক দেখানোর জন্য স্বামী মো. আবদুল মতিনের সাথে ঢাকায় আসেন তিনি।

ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়ক দিয়ে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত রিকশা থেকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর গত ৩০ আগস্ট র‍্যাব-২ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল জব্দ করা হয়। পরদিন ৩১ আগস্ট আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত চলমান থাকায় রাকিবের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।