...|...|...

খেলা

শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশকে আইসিসির শাস্তি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৫
Shares
শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশকে আইসিসির শাস্তি

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এবার স্লো ওভার রেটের (ধীরগতি) কারণে জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় নিগার সুলতানা জ্যোতির দলকে ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

দুবাইয়ে অনুষ্ঠিত 'বি' গ্রুপের ম্যাচে ম্যাচ রেফারি জি এস লক্ষ্মী বাংলাদেশ দলের বিরুদ্ধে এক ওভার পিছিয়ে থাকার কারণে এই শাস্তির নির্দেশ দেন। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচে দুই অনফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান স্লো ওভার রেটের এই অভিযোগ এনেছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় হেরে সেমিফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।