ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের প্রেম ও ডেটিং জীবন নিয়ে কথা বলতে গিয়ে দিয়েছেন রহস্যময় ইঙ্গিত। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রথমে নিজেকে সিঙ্গেল দাবি করলেও পরে মজার ছলে বলেছেন, তার জীবনে পুরুষ নেই, আবার থাকতেও পারে। সানিয়ার এমন মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি বলিউড পরিচালক ফারহা খানের সাথে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব অনুষ্ঠান ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ৩৯ বছর বয়সী সানিয়া। সেখানে আড্ডার একপর্যায়ে তার ডেটিং জীবন নিয়ে প্রশ্ন করেন অঙ্গদ। জানতে চান, কোনো পুরুষ বন্ধু তাকে কখনো কফি ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছেন কি না।
জবাবে সানিয়া জানান, কফি ডেটের বদলে পুরুষ বন্ধুদের কাছ থেকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার আমন্ত্রণ পান তিনি। কারণ, বন্ধুরা তাকে নিজেদের দলের একজন হিসেবেই দেখেন। তাদের সাথে তার আচরণও অনেকটা ছেলেদের মতো।
অনুষ্ঠানে ফারহা খান জানান, সানিয়া সিঙ্গেল কি না, তা জানতে মাঝেমধ্যে তার পুরুষ বন্ধুরা ফোন করেন। এ সময় সানিয়া পরিষ্কারভাবে বলেন, তিনি এখনো সিঙ্গেল।
তবে অঙ্গদ যখন জানতে চান, কোনো পুরুষের সাথে সুন্দর সময় কাটানোর ইচ্ছা তার হয় কি না, তখন কথোপকথনে মজার মোড় নেয়। ফারহা পাল্টা প্রশ্ন করেন, সানিয়া এমন সময় কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন?
প্রথমে ফারহার কথায় সম্মতি জানান সানিয়া। পরে হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে। তবে পরক্ষণেই পরিষ্কার করেন, কথাটি নিছক মজা করেই বলেছেন। অর্থাৎ নতুন কোনো সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি তিনি।
সানিয়া ও ফারহা খানের বন্ধুত্বও দীর্ঘদিনের। জীবনের কঠিন সময়ে ফারহা তার পাশে ছিলেন বলে আগেও জানিয়েছেন সাবেক এই টেনিস তারকা। বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের বন্ধুত্বের ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে। সানিয়ার পডকাস্টেও অতিথি হয়েছিলেন ফারহা।
২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। বিয়ের পর দুবাইয়ে সংসার শুরু করেন তারা। ২০১৮ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। দীর্ঘ প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।
বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে নিজের জীবন এগিয়ে নিচ্ছেন সানিয়া। সম্প্রতি ছেলের খেলাধুলার আগ্রহ নিয়েও কথা বলেছেন তিনি। ইজহানও টেনিস খেলে, তবে মায়ের মতো এই খেলায় তার বিশেষ আগ্রহ নেই। অবশ্য সামগ্রিকভাবে খেলাধুলার প্রতি ছেলের বেশ ঝোঁক রয়েছে বলে জানিয়েছেন সানিয়া।



