শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না লিওনেল মেসির। আর্জেন্টিনার এই মহাতারকা ইন্টার মিয়ামি ছাড়তে চান না। এমনকি ধারে হলেও শৈশবের ক্লাবে ফেরার পরিকল্পনা নেই আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের।
ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে জানা গেছে, ইন্টার মিয়ামিতেই থাকতে চান মেসি। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মায়ামিতে পরিবার নিয়ে ভালো সময় কাটছে তার। তাই বর্তমান চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্লাবটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২৫ সালের অক্টোবরে মেসির সাথে চুক্তি নবায়নের ঘোষণা দেয় ইন্টার মিয়ামি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। ভবিষ্যতে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনা থাকলেও এ নিয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি।
২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। তার আগমনে যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন আগ্রহ তৈরি হয়। একই সাথে ক্লাবটির সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মেসির নেতৃত্বে ২০২৩ সালে লিগস কাপ এবং ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতে ইন্টার মিয়ামি।
তবে আর্জেন্টিনায় মেসির ফিরে যাওয়ার প্রত্যাশা দীর্ঘদিনের। রোজারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের একাডেমিতে মাত্র সাত বছর বয়সে ফুটবলের যাত্রা শুরু করেছিলেন তিনি। সেখানেই শৈশবের গুরুত্বপূর্ণ সময় কাটে তার।
পরে মাত্র ১৩ বছর বয়সে পরিবারের সাথে স্পেনে পাড়ি জমান মেসি। যোগ দেন বার্সেলোনার একাডেমিতে। সেখান থেকেই শুরু হয় তার বিশ্বজয়ের পথচলা। শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে সমর্থকদের আগ্রহ থাকলেও আপাতত মায়ামিতেই নিজের ভবিষ্যৎ দেখছেন আর্জেন্টাইন মহাতারকা।


