...|...|...

অর্থনীতি

শেয়ারবাজারে আবার দরপতন, কমেছে লেনদেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১০
Shares
শেয়ারবাজারে আবার দরপতন, কমেছে লেনদেন

ছবি: সংগৃহীত

এক কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের দরপতন হয়েছে। দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি ডিএসইতে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। তবে বিপরীত চিত্রে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বেলা সাড়ে ১১টার পর থেকে চিত্র বদলাতে থাকে। দিনশেষে ডিএসইতে ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও বিপরীতে কমেছে ১৮৫টির। অপরিবর্তিত ছিল ৪৮টি প্রতিষ্ঠানের দর।

অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৫,৫৭৮ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২,১১২ এবং শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১,১১৫ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের পাশাপাশি ডিএসইতে কমেছে মোট লেনদেনের পরিমাণও। আজ বাজারটিতে ৭৫৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের (৮৪৪ কোটি ৬৯ লাখ টাকা) চেয়ে ৮৮ কোটি ৩৮ লাখ টাকা কম। লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ফাইন্যান্স (২৩.৬১ কোটি টাকা), জিকিউ বলপেন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ভিন্ন রূপ দেখা গেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে এবং কমেছে ৭৪টির। ফলে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়েছে। তবে সিএসইতে আজ লেনদেন কমে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭২ লাখ টাকায়।