বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষে ১৬টি দল বিদায় নিয়েছে। বাকি ৩২ দল এখন নকআউট পর্বে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেমেছে। এই পর্বকে সামনে রেখে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপার কম্পিউটারের নতুন পূর্বাভাস প্রকাশ করেছে। ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল নির্ধারণ করেছে তারা।
অপ্টার হিসেবে, রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় ওঠার সবচেয়ে বেশি সম্ভাবনা আর্জেন্টিনার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৮৭.৭৩ শতাংশ। এরপরই রয়েছে ফ্রান্স (৮৩.২৮%), স্পেন (৮৩.১৪%), ইংল্যান্ড (৮২.২৫%) এবং জার্মানি (৮০.৪৯%)। পরিসংখ্যান অনুযায়ী, এই পাঁচ দলই নকআউটের প্রথম বাধা পেরোনোর সবচেয়ে শক্তিশালী দাবিদার।
স্বাগতিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাবনা সবচেয়ে বেশি। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ। এছাড়া ঘানার বিপক্ষে কলম্বিয়ার সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।
কিছু ম্যাচে লড়াই হতে পারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্রাজিল ও জাপানের ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ। একইভাবে পর্তুগাল (৬৭.৩০%), নরওয়ে (৬৮.০৫%) এবং সুইজারল্যান্ড (৬৪.৯০%) নিজেদের ম্যাচে এগিয়ে থাকলেও সহজ জয় দেখছে না অপ্টা।
অন্যদিকে নেদারল্যান্ডস–মরক্কো এবং মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ দুটি হতে পারে হাড্ডাহাড্ডি। নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৬০.৩২ শতাংশ, আর মেক্সিকোর ৬০.১৯ শতাংশ।
সবচেয়ে জমজমাট লড়াইয়ের আভাস রয়েছে বেলজিয়াম–সেনেগাল ও মিশর–অস্ট্রেলিয়া ম্যাচে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের সম্ভাবনা ৫৬.৬৭ শতাংশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের ৫৪.৩৪ শতাংশ, যা দুই ম্যাচকেই প্রায় সমানে সমান লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
তবে অপ্টা স্পষ্ট করেছে, এটি শুধুই পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস। নকআউট পর্বে একটি মুহূর্ত, একটি ভুল কিংবা একজন খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সই বদলে দিতে পারে পুরো ম্যাচের ফল। তবুও সম্ভাবনার বিচারে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও জার্মানিকেই শেষ ষোলোয় ওঠার সবচেয়ে এগিয়ে রাখছে সুপার কম্পিউটার।


