নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এনইএমএর মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীরা একটি শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং তা এখনো চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।
মুসা মোহাম্মদ বলেন, নৌকায় থাকা যাত্রীরা চালককে তীরে নৌকা ভেড়ানোর অনুরোধ করেছিলেন। তবে চালক সেই অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে নৌকাটি ডুবে গেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পর নৌপথে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার।
রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই এক বিবৃতিতে বলেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি, অসতর্কভাবে চলাচল এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা বন্ধ করতে হবে।
তিনি বলেন, অতিরিক্ত যাত্রী বহন, দ্রুতগতিতে নৌকা চালানো, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।


