...|...|...

জাতীয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে: জয়সওয়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ৮:২৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৩
Shares
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে: জয়সওয়াল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বিদ্যমান আইন, দুই দেশের আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন একটি আইনি ও বিচার বিভাগীয় বিষয়। তাই প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করেই এটি নিষ্পত্তি করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে দুই দেশের মধ্যে সর্বশেষ আলোচনা সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণসংক্রান্ত আবেদন সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। দুই দেশের বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সরকার ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে দেশে ফেরত চেয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে জয়সওয়াল আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে।

প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত নথি বাধ্যতামূলক কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি কারিগরি ও আইনি দিকের সাথে সম্পর্কিত। মানুষের আন্তর্জাতিক যাতায়াতের জন্য সাধারণত ভ্রমণসংক্রান্ত নথি প্রয়োজন হয়। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল এ-সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

এদিকে ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ নিয়েও প্রশ্ন ওঠে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন। নতুন করে জানানোর মতো কোনো তথ্য তার কাছে নেই।

নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। কোনো তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।

ব্রিফিংয়ে ঢাকায় ধারণ করা চীনা নাগরিকদের কিছু ভিডিও দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগও উঠে আসে। এ বিষয়ে চীনের সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনা বা আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সওয়াল বলেন, গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন তারা দেখেছেন। কোনো দেশের বিষয়ে বিকৃত ও বিভ্রান্তিকর ছবি বা তথ্য প্রচার করা দুঃখজনক। ঢাকার দৃশ্যকে দিল্লির বলে উপস্থাপনের মাধ্যমে ভারতের রাজধানী সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রচারণা সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে বলেও মন্তব্য করেন তিনি।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।