ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দেয় না। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় সরকার।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার এ ধরনের আবেদন করার সুযোগ নেই।
শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। চিঠিটি পাঠানো হয়েছে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ আইন প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনি প্রতিষ্ঠানেরই জানা উচিত, তারা কাকে প্রতিনিধিত্ব করছে। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেড় হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে এবং তার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, শুধু অর্থের জন্য কোনো লবিস্ট বা আইনি প্রতিষ্ঠান কাজ করলে তাদের নৈতিক ও পেশাগত অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে। এ ধরনের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি সত্যিই ফিরতে চাইলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতায় তাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ব্রিটেনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লবিং প্রসঙ্গে হুমায়ুন কবির দাবি করেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনের বেশি সংসদ সদস্যের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয়জনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। পরে জনসংযোগ প্রতিষ্ঠানের দেওয়া তথ্য ভুল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য বাংলাদেশ হাইকমিশনে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।



