...|...|...

রাজনীতি

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, দুপুর ২:০৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫০
Shares
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকর করা উচিত। তিনি দাবি করেন, শেখ হাসিনার জন্য ‘ফাঁসির দড়ি অপেক্ষা করছে’ এবং সরকারকে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা উঠে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৬ বছরের শাসনামলে দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাই শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হওয়া উচিত।

তিনি বলেন, শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তিনি আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। এ ক্ষেত্রে ভারতের সাথে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় আলোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সরকারই নির্ধারণ করবে কখন, কীভাবে তাকে দেশে আনা হবে এবং কীভাবে আদালতের রায় কার্যকর করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত ব্যক্তিগত নয়; দিল্লির অবস্থানের ওপর অনেকটাই নির্ভরশীল। তিনি দাবি করেন, শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং এসব বিষয়ে অগ্রগতি মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা ঐক্যবদ্ধ। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে তার পরিণতি সরকারকেই বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি বিবেচনা করছে, যা তিনি সঠিক পদক্ষেপ বলে মনে করেন। তার ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ইতোমধ্যে হয়েছে, এখন সেটি কার্যকর করার দায়িত্ব সরকারের।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা অংশ নেন। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন এবং উদ্যোক্তাদের অবদান নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।