বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীশেখ হাসিনাকে কি বেলিফুল দিয়ে সংবর্ধনা দিয়ে নিয়ে আসতে হবে? অপরাধীকে ফেরত দেয়ার যে আইন, সেই আইন অনুযায়ী সে আসবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যুর প্রসঙ্গেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে ও অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেয়া হয়েছে, তা ভোগ করতে হবে।
রিজভী বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ নয় মাস যুদ্ধ করে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পেয়েছে। ৭ নভেম্বরের চেতনা ছিল, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে।
তিনি বলেন, জিয়াউর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। এরপর সামরিক আইন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশের স্বাধীনতা ও মর্যাদা ফিরিয়ে আনা ও কোনো প্রভুর শাসন মেনে না নেয়াই সেই সংগ্রামের চেতনা ছিল বলে মন্তব্য করেন রিজভী।


