...|...|...

বিনোদন

শুধু শিল্পী না, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ১২:০০
Shares
শুধু শিল্পী না, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়

ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা ও তার মুঠোফোন কেড়ে নেওয়ার ঘটনায় চিত্রনায়িকা পরীমণির আচরণের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবা শানু। তিনি বলেছেন, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা গ্রহণযোগ্য নয়। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।

শিবা শানু বলেন, ‘শুধু শিল্পী নন, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়। আমরা অবশ্যই এ ঘটনার নিন্দা জানাই। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ ধরনের ঘটনা শিল্পী সমাজের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করে বলে মনে করেন শিবা শানু। তিনি বলেন, এমন ঘটনা সামাজিকভাবে শিল্পীদের ছোট করে। শিল্পী সমিতির সভাপতি হিসেবে তিনি চান না, সমিতির কোনো সদস্য এ ধরনের ঘটনার সাথে জড়িত হোক কিংবা এমন পরিস্থিতির মুখোমুখি হোক।

শিবা শানু আরও বলেন, ‘শিল্পী হিসেবে আমি খুবই দুঃখিত। আমি চাই, সাংবাদিক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় থাকুক। আমরা সবাই একসাথে আগামীর দিনগুলোতে পথ চলতে চাই।’

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে। নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমণি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

একপর্যায়ে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসাইন রাজুর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার মুঠোফোন কেড়ে নেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পরীমণির পাশাপাশি তার সাথে থাকা বাউন্সার দলের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি সুজন চন্দ্র নামের এক বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।