শীতের শুরুতেই অনেকের নাক বন্ধ হয়ে যায়, মাথাব্যথা শুরু হয় কিংবা মুখমণ্ডলের চারপাশে চাপ অনুভূত হয়। কারও আবার ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়া এবং শ্বাস নিতে অস্বস্তি দেখা দেয়। এসব সমস্যাকে অনেকেই সাধারণ সর্দি-কাশি ভেবে গুরুত্ব দেন না। তবে কিছু ক্ষেত্রে এগুলো অ্যালার্জি কিংবা সাইনাসের প্রদাহের লক্ষণও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে ঠান্ডা ও শুষ্ক বাতাস, ধুলাবালি এবং বায়ুদূষণের কারণে নাক ও সাইনাসের সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা আগে থেকেই অ্যালার্জি বা দীর্ঘমেয়াদি সাইনাসের সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে শীতের সময় উপসর্গ আরও তীব্র হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে গুরুগ্রামের ম্যাক্স হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রবীন্দ্র গেরা এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
শীতে সাইনাসের সমস্যা কেন বাড়ে?
সাইনাস হলো নাকের চারপাশে অবস্থিত বাতাসপূর্ণ কিছু গহ্বর। এসব গহ্বরের ভেতরের আবরণে প্রদাহ দেখা দিলে তাকে সাইনাসাইটিস বলা হয়।
শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় নাকের ভেতরের আবরণ শুষ্ক হয়ে যেতে পারে। এতে নাকের স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থা ও শ্লেষ্মা চলাচল ব্যাহত হতে পারে। ফলে নাক বন্ধ থাকা, মাথাব্যথা কিংবা মুখে চাপ অনুভব করার মতো সমস্যা দেখা দিতে পারে।
এ ছাড়া শীতের সময় অনেকেই ঘরের ভেতরে বেশি সময় কাটান। ঘরে জমে থাকা ধুলা, ছত্রাক, পোষা প্রাণীর লোমের সাথে থাকা অ্যালার্জেন এবং অন্যান্য ক্ষুদ্র কণা নাকের অ্যালার্জির উপসর্গ বাড়াতে পারে।
বায়ুদূষণ বাড়াতে পারে অস্বস্তি
শীতের সময় অনেক এলাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। বিশেষ করে ধোঁয়া, ধুলাবালি এবং বাতাসে ভাসমান ক্ষুদ্র দূষণকণা নাক ও শ্বাসনালির ভেতরের আবরণে অস্বস্তি তৈরি করতে পারে।
এতে নাক বন্ধ হওয়া, হাঁচি, নাক দিয়ে পানি পড়া এবং সাইনাসের প্রদাহের উপসর্গ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
গবেষণায় বায়ুদূষণের সাথে অ্যালার্জিক রাইনাইটিস ও দীর্ঘমেয়াদি সাইনাসের সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। তাই যাদের আগে থেকেই এ ধরনের সমস্যা রয়েছে, তাদের দূষিত পরিবেশে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
সাধারণ সর্দি নাকি সাইনাসের সমস্যা, বুঝবেন যেভাবে
ঠান্ডা লাগা, অ্যালার্জি এবং সাইনাসাইটিসের কিছু উপসর্গ প্রায় একই রকম হতে পারে। তবে সমস্যার ধরন ও স্থায়িত্বের মধ্যে পার্থক্য রয়েছে।সাধারণ ভাইরাসজনিত সর্দি বেশির ভাগ ক্ষেত্রে কয়েক দিনের মধ্যে উন্নতির দিকে যায়। অন্যদিকে ধুলাবালি, ঠান্ডা বাতাস কিংবা নির্দিষ্ট কোনো অ্যালার্জেনের সংস্পর্শে এলে বারবার হাঁচি, নাক চুলকানো ও পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
সাইনাসাইটিসের ক্ষেত্রে নাক বন্ধ থাকার পাশাপাশি মুখমণ্ডলে চাপ বা ব্যথা, ঘন শ্লেষ্মা এবং ঘ্রাণশক্তি কমে যাওয়ার মতো লক্ষণ থাকতে পারে।তবে শুধু উপসর্গ দেখে সব সময় রোগের ধরন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সাইনাসের অস্বস্তি কমাতে যা করবেন
শীতকালে সাইনাসের সমস্যা নিয়ন্ত্রণে দৈনন্দিন কিছু অভ্যাস উপকারী হতে পারে।
পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ঘাটতি হতে দেবেন না। পর্যাপ্ত পানি পান করলে নাকের শ্লেষ্মা স্বাভাবিক রাখতে সাহায্য হতে পারে।
ঘরের বাতাসের আর্দ্রতা বজায় রাখুন: ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে পরিষ্কার হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। তবে যন্ত্রটি নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে ছত্রাক বা জীবাণু না জমে।
স্যালাইন স্প্রে ব্যবহার করুন: নাকে স্যালাইন স্প্রে কিংবা সঠিক পদ্ধতিতে স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করলে জমে থাকা ধুলাবালি ও শ্লেষ্মা দূর হতে পারে। নাক ধোয়ার ক্ষেত্রে জীবাণুমুক্ত, ডিস্টিল্ড অথবা ফুটিয়ে ঠান্ডা করা পানি ব্যবহার করা জরুরি।
ঘর পরিষ্কার রাখুন: বিছানার চাদর, বালিশের কভার, পর্দা ও কার্পেট নিয়মিত পরিষ্কার করুন। এতে ঘরে জমে থাকা ধুলাবালি ও অ্যালার্জেনের পরিমাণ কমানো সম্ভব।
দূষিত বাতাস এড়িয়ে চলুন: বাইরে বায়ুদূষণ বেশি থাকলে অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী ভালোভাবে মুখে বসে এমন উপযুক্ত মাস্ক ব্যবহার করা যেতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
সাইনাসের অস্বস্তি অনেক সময় সাধারণ যত্নে কমে আসে। তবে কিছু লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।নাক বন্ধ থাকা বা মুখে চাপ অনুভব করার সমস্যা ১০ দিনের বেশি স্থায়ী হলে, প্রথমে কিছুটা ভালো হয়ে আবার উপসর্গ বেড়ে গেলে কিংবা বারবার একই সমস্যা দেখা দিলে চিকিৎসা নেওয়া উচিত।
এ ছাড়া তীব্র মাথাব্যথা, মুখমণ্ডলে প্রচণ্ড ব্যথা, দীর্ঘস্থায়ী জ্বর কিংবা দৈনন্দিন কাজ ও ঘুমে ব্যাঘাত ঘটলেও চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।বিশেষ করে চোখের চারপাশ ফুলে যাওয়া, দৃষ্টিশক্তির পরিবর্তন, প্রচণ্ড মাথাব্যথা বা বিভ্রান্তির মতো লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
মনে রাখতে হবে, সব ধরনের সাইনাসের সমস্যায় অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। ভাইরাসজনিত সংক্রমণ, অ্যালার্জি এবং ব্যাকটেরিয়াজনিত সাইনাসাইটিসের চিকিৎসা আলাদা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত নয়।
শীতে সাইনাসের সমস্যা থেকে স্বস্তি পেতে ঘরের পরিবেশ পরিষ্কার রাখা, পর্যাপ্ত পানি পান, দূষণ এড়িয়ে চলা এবং উপসর্গের প্রতি সচেতন থাকা গুরুত্বপূর্ণ। শুরুতেই সঠিক ব্যবস্থা নিলে অনেক ক্ষেত্রে অস্বস্তি কমানো এবং জটিলতা এড়ানো সম্ভব।


