...|...|...

লাইফস্টাইল

শীতে গোসল না করলে যে উপকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪১
Shares
শীতে গোসল না করলে যে উপকার

ছবি: সংগৃহীত

শীতকালে ঠান্ডা পানির কারণে অনেকেই প্রতিদিন গোসল করতে চান না। আবার কেউ কেউ গরম পানি ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, শীতে প্রতিদিন গোসল না করলেই যে তা শরীরের জন্য ক্ষতিকর হবে—এমন নয়। বরং শরীরে অতিরিক্ত ঘাম বা ময়লা না থাকলে এক দিন গোসল বাদ দেওয়া ত্বকের জন্য উপকারীও হতে পারে।

যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্যবিষয়ক বিভাগ ‘হেলথ এসেনশিয়ালস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে শীতকালে ত্বকের শুষ্কতা ও গোসলের অভ্যাস নিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাস বলেন, শীতের সময়ে বাতাসে আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক থেকে পানি দ্রুত হারিয়ে যায়। একইসাথে ঠান্ডা আবহাওয়ায় শরীরের প্রাকৃতিক তেল উৎপাদনও কমে, যার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে।

ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সহায়ক

শীতকালে প্রতিদিন গোসল না করার একটি ইতিবাচক দিক হলো, এতে ত্বকের স্বাভাবিক তেল ও আর্দ্রতা ধরে রাখার সুযোগ থাকে।

ক্লিভল্যান্ড ক্লিনিকের পরামর্শ অনুযায়ী, শরীরে ঘাম বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে। এতে ত্বক সুরক্ষায় ভূমিকা রাখা প্রাকৃতিক তেল অপ্রয়োজনে ধুয়ে যাওয়ার ঝুঁকি কমে।

এই প্রাকৃতিক তেল ত্বকের সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শীতে শরীরের তেল উৎপাদন এমনিতেই কমে যায়, তাই অপ্রয়োজনে ঘন ঘন গোসল করলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে।

অতিরিক্ত গরম পানি নয়

শীতের সকালে বা রাতে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। তবে অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে।

জেনিফার লুকাসের পরামর্শ, গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমিত রাখা এবং অতিরিক্ত গরম পানির বদলে কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।

শুষ্কতা ও চুলকানি বাড়তে পারে

শীতকালে ত্বকে শুষ্কতা, চুলকানি ও খসখসে ভাব দেখা দিতে পারে। এ অবস্থায় গোসলের অভ্যাসের পাশাপাশি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা সুগন্ধিযুক্ত প্রসাধনীর বদলে সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

শীতে গোসলের অভ্যাস কেমন হওয়া উচিত

ক্লিভল্যান্ড ক্লিনিকের পরামর্শ অনুযায়ী, শীতকালে গোসল পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ করা ভালো। কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এবং শরীর অতিরিক্ত ঘষাঘষি করা এড়িয়ে চলা উচিত।

গোসলের পর দ্রুত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।