শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও খসখসে।
অনেকের হাত-পা ফেটে যায়, ঠোঁটের চামড়া উঠে আসে। যাদের ত্বক এমনিতেই শুষ্ক, তাদের সমস্যা এ সময় আরও বেড়ে যায়। তবে কিছু নিয়ম মেনে চললে শীতেও ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং খসখসে ভাব কমানো সম্ভব।
কেন শীতে ত্বক শুষ্ক হয়?
শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে। এর সাথে ঠান্ডা বাতাস ও অতিরিক্ত গরম পানি দিয়ে গোসলের কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে। ক্ষারযুক্ত সাবান ব্যবহার, অতিরিক্ত গোসল এবং দীর্ঘ সময় শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থাকাও ত্বক শুষ্ক হওয়ার কারণ হতে পারে।
এ ছাড়া বংশগত কারণ, বয়স বৃদ্ধি, কিছু চর্মরোগ, থাইরয়েডের সমস্যা ও ডায়াবেটিসের কারণেও ত্বক শুষ্ক হতে পারে। ভিটামিন এ ও বি, জিংক এবং ফ্যাটি অ্যাসিডের ঘাটতিও ত্বকের শুষ্কতার সাথে সম্পর্কিত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুনের মতে, কারও কারও ত্বক শীতকালে অতিরিক্ত ফেটে যেতে পারে। এর পেছনে জন্মগত কারণ কিংবা কোনো রোগ থাকতে পারে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক অতিরিক্ত ফাটলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ত্বকের খসখসে ভাব কমাতে যা করবেন
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। গোসলের পর ত্বক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
শুষ্ক ত্বকের জন্য উপযোগী ময়েশ্চারাইজারযুক্ত সাবানও ব্যবহার করতে পারেন।
এ ছাড়া খুব গরম পানি দিয়ে গোসল না করা, দীর্ঘ সময় পানিতে না থাকা এবং ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলা ভালো। ত্বকের সঙ্গে মানানসই আরামদায়ক সুতির পোশাক পরার চেষ্টা করুন। পর্যাপ্ত পানি পান এবং শাকসবজিসহ পুষ্টিকর খাবার খাওয়াও জরুরি।
হাত-পায়ের বিশেষ যত্ন
শীতকালে হাতের তালু ও পায়ের তলা বেশি শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। এ সমস্যা কমাতে ১০ শতাংশ ইউরিয়াযুক্ত ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। পায়ের তলার অতিরিক্ত শুষ্কতা ও পুরু চামড়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৫ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত মলম ব্যবহার করা যায়।
মুখের ত্বকের যত্ন
মুখের ত্বক শুষ্ক হলে ত্বকের ধরন অনুযায়ী ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যাদের ব্রণের সমস্যা রয়েছে, তাদের ত্বকের উপযোগী নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভালো। শীতকালেও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষায় বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
ঠোঁট ফাটা রোধে করণীয়
শীতের ঠান্ডা বাতাসে ঠোঁটের আর্দ্রতা কমে গিয়ে চামড়া উঠে যেতে পারে, এমনকি ফেটে রক্তও বের হতে পারে। এ সময় বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো থেকে বিরত থাকুন। বরং ঠোঁটে ভ্যাসলিন বা উপযোগী লিপ বাম লাগান। প্রয়োজন অনুযায়ী দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন।
প্রাকৃতিক উপায়ে যত্ন
ত্বকের শুষ্কতা কমাতে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, যদি এগুলোতে ত্বকে কোনো অস্বস্তি বা প্রতিক্রিয়া না হয়। গোসলের আগে শরীরে অলিভ অয়েল লাগানোও যেতে পারে। অ্যালোভেরা জেল ব্যবহার করতে চাইলে আগে ত্বকের ছোট জায়গায় পরীক্ষা করে নিন।
তবে লবণ ও লেবুর রস দিয়ে তৈরি স্ক্রাব মুখে বা শুষ্ক ত্বকে ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি বাড়তে পারে।
যাদের একজিমা, সোরিয়াসিস বা ইকথায়সিসের মতো দীর্ঘমেয়াদি চর্মরোগ রয়েছে, শীতকালে তাদের সমস্যা বেড়ে যেতে পারে। তাই ত্বকের অতিরিক্ত শুষ্কতা, ফাটল বা চুলকানি দীর্ঘস্থায়ী হলে নিজে নিজে চিকিৎসা না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।


