শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হৃদ্রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা আগে থেকেই হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে, তাদের জন্য ঠান্ডা আবহাওয়া বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে। কারণ তাপমাত্রা কমে গেলে শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে, যা হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঠান্ডা আবহাওয়ার প্রভাব হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উদ্বেগের কারণ হতে পারে। শীতকালে রক্তনালি সংকুচিত হওয়া, রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি এবং হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়তে পারে।
শীতে হৃদ্রোগের ঝুঁকি বাড়ার ৩ কারণ
১. রক্তনালি সংকুচিত হওয়া
ঠান্ডা আবহাওয়ায় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে রক্তনালি সংকুচিত হয়। চিকিৎসাবিজ্ঞানে এই প্রক্রিয়াকে ভ্যাসোকনস্ট্রিকশন বলা হয়।
রক্তনালি সরু হয়ে গেলে রক্ত চলাচলের প্রতিরোধ বেড়ে যায়। ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এবং সারা শরীরে রক্ত সরবরাহ করতে হৃদ্যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়।
যাঁদের আগে থেকেই উচ্চ রক্তচাপ কিংবা করোনারি ধমনির রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত চাপ হৃদ্রোগের জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।
২. রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি
শীতকালে হৃদ্রোগের ঝুঁকি বাড়ার আরেকটি কারণ হলো রক্ত জমাট বাঁধার প্রবণতায় পরিবর্তন।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঠান্ডায় রক্ত তুলনামূলক ঘন ও জমাট বাঁধার উপযোগী হয়ে উঠতে পারে।
হৃদ্যন্ত্রে রক্ত সরবরাহকারী করোনারি ধমনিতে রক্ত জমাট বেঁধে প্রবাহ বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হতে পারে। একইভাবে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে স্ট্রোকের আশঙ্কা তৈরি হয়।
তবে ঠান্ডায় থাকলেই যে রক্ত জমাট বাঁধবে বা হার্ট অ্যাটাক হবে, এমন নয়। আগে থেকে হৃদ্রোগের ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।
৩. হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ
শরীরকে উষ্ণ রাখতে ঠান্ডার সময় হৃদ্যন্ত্রকে অনেক ক্ষেত্রে বেশি কাজ করতে হয়। এ অবস্থায় হৃদ্স্পন্দন ও রক্তচাপ বেড়ে যেতে পারে।
বিশেষ করে ঠান্ডা পরিবেশে হঠাৎ ভারী কাজ কিংবা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে হৃদ্যন্ত্রের অক্সিজেনের চাহিদা দ্রুত বেড়ে যায়।
যাদের করোনারি ধমনিতে আগে থেকেই সংকোচন রয়েছে, তাদের হৃদ্যন্ত্রে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে সমস্যা হতে পারে। এতে বুকে ব্যথা বা অ্যাঞ্জাইনার উপসর্গ দেখা দিতে পারে এবং কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে।
কারা বেশি ঝুঁকিতে থাকেন?
শীতকালে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন বয়স্ক ব্যক্তি এবং আগে থেকে হৃদ্রোগে আক্রান্ত রোগীদের।
এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, অতিরিক্ত ওজন কিংবা ধূমপানের অভ্যাস থাকলেও ঝুঁকি বেশি হতে পারে।
তবে শুধু বয়স্ক ব্যক্তিরাই হৃদ্রোগে আক্রান্ত হন, এমন নয়। তরুণদের মধ্যেও হৃদ্রোগ দেখা দিতে পারে। তাই বয়স কম হলেই হৃদ্যন্ত্রের সমস্যা অবহেলা করা উচিত নয়।
হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো অবহেলা করবেন না
বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা কিংবা বুকে অস্বস্তির সাথে হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা হলে সতর্ক হতে হবে।
কিছু মানুষের ক্ষেত্রে, বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি ও ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের উপসর্গ তুলনামূলক অস্পষ্ট হতে পারে।এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।
মনে রাখতে হবে, শীতের কারণে সবার হার্ট অ্যাটাক হবে, এমন নয়। তবে ঠান্ডা আবহাওয়া হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তাই শীতকালে শরীর উষ্ণ রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ।


