ডায়াবেটিস শুধু বড়দের রোগ নয়, শিশুরাও আক্রান্ত হতে পারে এ জটিলতায়। অনেক সময় রোগের লক্ষণ শুরুতে স্পষ্টভাবে বোঝা যায় না। ধীরে ধীরে শিশুর শারীরিক ও আচরণগত কিছু পরিবর্তনের মাধ্যমে রোগটি প্রকাশ পেতে পারে। অতিরিক্ত পানি পান, ঘন ঘন প্রস্রাব, খাবার খাওয়ার পরও ওজন কমে যাওয়া কিংবা অস্বাভাবিক ক্লান্তির মতো লক্ষণগুলো অনেক অভিভাবক সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। অথচ এগুলো হতে পারে শিশুদের ডায়াবেটিসের প্রাথমিক সংকেত।
চিকিৎসকদের মতে, শিশুদের ডায়াবেটিস শনাক্ত করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে কয়েকটি লক্ষণ একসঙ্গে দেখা দিলে দেরি না করে রক্তে গ্লুকোজ পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের লাইফস্টাইল বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে শিশুদের ডায়াবেটিসের পাঁচটি প্রাথমিক লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পুনের সূর্য মাদার অ্যান্ড চাইল্ড সুপার স্পেশালিটি হাসপাতালের পরামর্শক শিশু হরমোন বিশেষজ্ঞ ডা. সাজিলি মেহতা এসব লক্ষণ ও এর কারণ ব্যাখ্যা করেছেন।
১. ঘন ঘন প্রস্রাব করা
শিশু যদি আগের তুলনায় বেশি প্রস্রাব করে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশেষ করে রাতে বারবার ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়া কিংবা আগে বিছানা ভেজানোর অভ্যাস না থাকলেও নতুন করে এমনটি শুরু হওয়া ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
ডা. সাজিলি মেহতার ব্যাখ্যা অনুযায়ী, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কিডনি প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত শর্করা বের করে দেওয়ার চেষ্টা করে। এ প্রক্রিয়ায় শরীর থেকে পানিও বেশি বেরিয়ে যায়। ফলে শিশুর প্রস্রাবের পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায়।
২. অস্বাভাবিক তৃষ্ণা
শিশু স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করছে কি না, সেটিও অভিভাবকদের খেয়াল রাখা প্রয়োজন। অল্প সময়ের মধ্যে বারবার পানি চাওয়া, পানির বোতল দ্রুত শেষ করা কিংবা রাতে ঘুম ভেঙে পানি পান করতে চাওয়া অতিরিক্ত তৃষ্ণার লক্ষণ হতে পারে।
চিকিৎসক সাজিলি মেহতা জানান, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যায়। এর ফলে পানিশূন্যতা তৈরি হয় এবং শিশুর বারবার তৃষ্ণা পেতে পারে।
৩. খাবার খেয়েও ওজন কমে যাওয়া
শিশুর স্বাভাবিক খাবার গ্রহণের পরও যদি ওজন কমতে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক হবে না। এমনকি কোনো কোনো শিশুর ক্ষেত্রে ক্ষুধা বেড়ে যাওয়ার পরও শরীরের ওজন কমতে দেখা যায়।
ডা. সাজিলি মেহতার মতে, শরীরে পর্যাপ্ত ইনসুলিন না থাকলে কোষগুলো গ্লুকোজ থেকে প্রয়োজনীয় শক্তি তৈরি করতে পারে না। তখন শক্তির ঘাটতি পূরণ করতে শরীর চর্বি ও পেশি ভাঙতে শুরু করে। এ কারণে শিশুর ওজন কমে যেতে পারে।
৪. সব সময় ক্লান্ত থাকা
শিশুর স্বাভাবিক কর্মচাঞ্চল্যে পরিবর্তন আসাও ডায়াবেটিসের একটি সম্ভাব্য লক্ষণ। আগে খেলাধুলায় আগ্রহী থাকলেও এখন অনীহা দেখানো, স্কুলের পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া কিংবা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
চিকিৎসক সাজিলি মেহতা বলেন, শরীর গ্লুকোজকে কার্যকরভাবে শক্তিতে রূপান্তর করতে না পারলে শিশুর মধ্যে ক্লান্তি ও অবসন্নতা দেখা দিতে পারে। এর প্রভাব পড়ে দৈনন্দিন কাজ, পড়াশোনা ও খেলাধুলায়।
৫. চোখে ঝাপসা দেখা
শিশু যদি ঝাপসা দেখার কথা বলে কিংবা আগের মতো স্পষ্টভাবে দেখতে না পারে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে চোখের লেন্সে সাময়িক পরিবর্তন হতে পারে। এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।
ডা. সাজিলি মেহতার ব্যাখ্যা অনুযায়ী, রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রা চোখের দৃষ্টিতে সাময়িক প্রভাব ফেলতে পারে। তাই শিশুর দৃষ্টিশক্তিতে হঠাৎ পরিবর্তন দেখা দিলে সেটিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?
শিশুর মধ্যে এসব লক্ষণের কোনোটি দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে একাধিক লক্ষণ একসঙ্গে প্রকাশ পেলে একই দিন রক্তে গ্লুকোজ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন ডা. সাজিলি মেহতা।
তিনি সতর্ক করে বলেছেন, চিকিৎসা না করা হলে বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এ অবস্থায় রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। বমি, পেটব্যথা, দ্রুত বা গভীর শ্বাস নেওয়া এবং অস্বাভাবিক ঘুম ঘুম ভাব এ জটিলতার গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। এমন পরিস্থিতিতে অপেক্ষা না করে শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
শিশুদের ডায়াবেটিস নিয়ে প্রচলিত ভুল ধারণা
অনেক অভিভাবক মনে করেন, অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণেই শিশুদের ডায়াবেটিস হয়। তবে এ ধারণা সঠিক নয়। ডা. সাজিলি মেহতা জানিয়েছেন, টাইপ-১ ডায়াবেটিসের সঙ্গে অতিরিক্ত মিষ্টি খাওয়ার সরাসরি সম্পর্ক নেই। এ রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। ফলে শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা দেয়। যেকোনো ওজনের শিশুই টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।
শিশুদের টাইপ-২ ডায়াবেটিসও হতে পারে। এ ক্ষেত্রে শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারে না। এ অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। দুই ধরনের ডায়াবেটিসের লক্ষণ কাছাকাছি হলেও টাইপ-২ ডায়াবেটিসের উপসর্গ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়।
চিকিৎসকের মতে, দ্রুত রোগ শনাক্ত করা, নিয়মিত চিকিৎসা নেওয়া এবং যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত শিশুরাও স্বাভাবিক, সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে পারে। তাই শিশুর শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


