গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাতে নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি করেন। মামলায় বোনারপাড়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মুকুল মিয়াসহ ছয়জনের নাম উল্লেখসহ ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে সাঘাটা থানার ওসি মাহবুব আলম মামলা ও চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, আশরাফ খন্দকার, রবিউল ইসলাম, শাহ আলম ও সন্দেহভাজন মোফাজ্জল হোসেন। মামলার প্রধান আসামি মুকুল মিয়াসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাঘাটা থানার পুলিশে অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এর আগে, গত রবিবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে বিএনপি ও যুবদল নেতা–কর্মীদের হামলায় ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারী (২২) নিহত হন। তিনি শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
হামলায় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতর আহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটায় সোমবার রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে সালাউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।


