...|...|...

রাজনীতি

শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৪
Shares
শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা

শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন কাউন্সিলে দলের মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হওয়ার পর মহাসচিবের দায়িত্ব ছেড়ে দেওয়ায় বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন রুহুল কবির রিজভী।

এর আগে রিজভীকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। ফলে আসন্ন কাউন্সিলে তাকেই পূর্ণাঙ্গ মহাসচিব করা হবে কি না, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। কাউন্সিলের মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মহাসচিব পদে রুহুল কবির রিজভীর পাশাপাশি আরও কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

কাউন্সিলে তাদের মধ্য থেকে কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে, নাকি অন্য কোনো নেতা এ পদে আসবেন তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে।

কাউন্সিলের আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের শূন্য পদটিও পূরণ করা হতে পারে। এ পদে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পাশাপাশি ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নামও আলোচনায় রয়েছে।

তবে এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত দেয়নি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিএনপির সামনে এখন দুটি বড় সাংগঠনিক কাজ রয়েছে-স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের প্রস্তুতি এবং সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজন।

দলের স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য ও সরকারের প্রভাবশালী মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনের কারণেই জাতীয় কাউন্সিলের আয়োজন কিছুটা বিলম্বিত হচ্ছে। চলতি বছরে কাউন্সিলের সম্ভাবনা কম থাকলেও আগামী বছরের প্রথম দিক, বিশেষ করে ফেব্রুয়ারিকে লক্ষ্য করে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ওই সময়ে সরকারের এক বছর পূর্তি হবে এবং শীতকাল থাকায় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও তুলনামূলক স্বস্তিদায়ক হবে।

কাউন্সিলের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দলের নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে কাউন্সিল খুব শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও জানান, যত দ্রুত সম্ভব কাউন্সিল আয়োজন করতে চান তারা। এ জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের মার্চে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও প্রায় এক দশকে নতুন জাতীয় কাউন্সিল করা সম্ভব হয়নি।

তবে এ সময়ে দলের নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন পর্যায়ে নতুন মুখ যুক্ত হয়েছেন, কেউ পদোন্নতি পেয়েছেন এবং কেউ দায়িত্ব থেকে সরে গেছেন। এখন সপ্তম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কাঠামো ও শীর্ষ নেতৃত্বে নতুন সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।