পদ্মা ও তিস্তা নদীতে শিগগিরই ব্যারাজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী দুটির পানিপ্রবাহের সমস্যা সমাধান এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীর পদ্মা ও উত্তরাঞ্চলের তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
তিনি জানান, নির্মাণকাজ শুরু হলে যত দ্রুত সম্ভব প্রকল্প দুটি শেষ করার চেষ্টা করবে সরকার। একই সাথে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আগামী পাঁচ বছর দেশবাসীর সহযোগিতা প্রয়োজন।


