শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী ও গবেষকদের সুবিধা বাড়াতে দেশের সরকারি গণগ্রন্থাগারগুলোর সময়সূচি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় খুলবে গণগ্রন্থাগার। আর বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। একই সাথে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার ও শুক্রবার করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবটি কার্যকর হলে শনিবারসহ সপ্তাহে পাঁচ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পাবেন পাঠকরা।
এ লক্ষ্যে গত ১২ নভেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এতে নতুন সময়সূচি ও সাপ্তাহিক ছুটি নির্ধারণে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।
মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে ৭১টি সরকারি গণগ্রন্থাগার পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার। এ ছাড়া সাতটি বিভাগীয় শহরে বিভাগীয় গণগ্রন্থাগার, বিভাগীয় শহরের বাইরে ৫৬টি জেলা সরকারি গণগ্রন্থাগার, তিনটি উপজেলা সরকারি গণগ্রন্থাগার এবং চারটি শাখা সরকারি গণগ্রন্থাগার রয়েছে।
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি অফিসের সময়সূচির সাথে মিল রেখে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব গ্রন্থাগারের কার্যক্রম চলে।
তবে নতুন প্রস্তাবে বিদ্যমান জনবল দিয়েই বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রন্থাগার পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, সরকারি গণগ্রন্থাগারের পাঠকদের বড় একটি অংশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া চাকরিজীবী, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষও গ্রন্থাগারের সেবা নিয়ে থাকেন।
কিন্তু দিনের বেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে ব্যস্ত থাকায় এসব পাঠকের অনেকেই বর্তমান সময়সূচিতে গ্রন্থাগারে যাওয়ার সুযোগ পান না। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস ছুটির পর গ্রন্থাগার বন্ধ হয়ে যাওয়ায় পাঠক ও গবেষকদের সমস্যায় পড়তে হয়।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্রন্থাগার খোলা ও বন্ধের সময় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, নতুন সময়সূচি কার্যকর হলে শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী ও গবেষকরা নিজেদের সুবিধামতো সময়ে গ্রন্থাগারে যেতে পারবেন। এতে পাঠকসেবার পরিধিও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।


