টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রশিদুল আলম। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে তার স্থলাভিষিক্ত করে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এই পরিবর্তন জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক রশিদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে বলা হয়, ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী পদ-সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন নির্জন এলাকায় এক ছাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার ৭৭ দিন পার হলেও মূল সন্দেহভাজনকে গ্রেফতার করতে না পারা এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রক্টরিয়াল টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া, প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও প্রশাসনিক ভবন অবরোধসহ টানা আন্দোলনের মুখেই শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন প্রক্টর।

