হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়। কাপড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল কুশের চালানটি।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশিতে কাপড়ের নিচে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ পাওয়া যায়।
সংস্থাটির প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। বনগাঁ রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন তিনি।
ডিএনসির দাবি, আন্তর্জাতিক একটি মাদক চোরাচালান চক্র ভারতের নিম্নআয়ের মানুষদের ভিসামুক্ত যাতায়াতের সুযোগ কাজে লাগিয়ে কলকাতা থেকে তাদের ব্যাংককে নিয়ে যায়। পরে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে তাদের মাধ্যমে বাংলাদেশে মাদক পাচার করা হয়। চক্রটি বাংলাদেশে কুশের নতুন বাজার গড়ে তোলার চেষ্টা করছে বলেও দাবি করেছে সংস্থাটি।
ডিএনসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের।
অভিযানে কুশের পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি।


