...|...|...

রাজধানী

উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৭
Shares
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারী পোশাক শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে সড়কের একপাশ অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে দুপুর ১টার দিকে পুলিশ বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উত্তরার আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি থমকে যায়। এর প্রভাবে আব্দুল্লাহপুর, উত্তরা এবং আশপাশের সংযুক্ত সড়কগুলোতেও তীব্র যানজট ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন হাজারও যাত্রী ও সাধারণ পথচারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরা পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিজিএমইএসহ সংশ্লিষ্ট কারখানা মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধ করার পরপরই আমরা বিজিএমইএ এবং সংশ্লিষ্ট পোশাক কারখানা মালিকদের বিষয়টি অবগত করি। তবে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কেউ আসেননি। পরবর্তীতে পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে বেলা ১টার দিকে সড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও আগের অবরোধের কারণে কিছু চাপ রয়েছে, যা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।